ভেটেরিনারি উচ্চশিক্ষা ও গবেষণায় ভারতের পাশে জার্মানি ও ক্যানাডা - 24 Ghanta Bangla News
Home

ভেটেরিনারি উচ্চশিক্ষা ও গবেষণায় ভারতের পাশে জার্মানি ও ক্যানাডা

Spread the love

এই সময়: ভেটেরিনারি চিকিৎসাবিজ্ঞানে গবেষণা ও উচ্চশিক্ষার মানোন্নয়নে ভারতের দিকে সহযোগিতার হাত বাড়াল জার্মানির পাশাপাশি ক্যানাডাও। এতদিন ইন্দো-জার্মান যৌথ উদ্যোগে চলছিল এই কাজ। এ বার সেই আন্তর্জাতিক সহযোগিতার পরিসর আরও বাড়ল।

ভেটেরিনারি শিক্ষায় আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)–এর প্রয়োগ, পাঠ্যক্রমের আধুনিকীকরণ এবং গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে শনি ও রবিবার পাটনায় বিহার প্রাণিবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয় দু’দিনের ইন্দো-ক্যানাডিয়ান এডুকেশনাল ওয়ার্কশপ। এই উদ্যোগে সহযোগিতা করছে ইন্দো-জার্মান ভেট নেটওয়ার্ক (ইন্ডিভেট)।

ওই কর্মশালার উদ্বোধন করেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের উপ-অধিকর্তা (শিক্ষা) যশপাল সিং মালিক। তাঁর বক্তব্য, ‘আন্তর্জাতিক স্তরে গবেষণা ও উচ্চশিক্ষার মান বজায় রাখতে উন্নত দেশগুলির সঙ্গে সহযোগিতা বাড়িয়ে পরবর্তী প্রজন্মকে তৈরি করা জরুরি। ভেটেরিনারি বিজ্ঞানে এই উদ্যোগ অত্যন্ত সদর্থক। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রাখতে দেশের ভেটেরিনারি পাঠ্যক্রমেও আমূল পরিবর্তন প্রয়োজন। তার জন্য এ ধরনের কর্মশালায় সিলেবাস নিয়ে আলোচনা বিশেষ গুরুত্বপূর্ণ।’ কর্মশালায় যোগ দেন ক্যানাডার সাসকাচুয়ান ও ম্যাকগিল বিশ্ববিদ্যালয় এবং জার্মানির লিপজি়গ বিশ্ববিদ্যালয়, হ্যানোভারের ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও বার্লিনের ফ্রাই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকরা।

ইন্দো-জার্মান ভেট নেটওয়ার্কের ভারতীয় কো-অর্ডিনেটর তথা পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিদ্ধার্থ জোয়ারদার জানান, ভেটেরিনারি শিক্ষাকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। কর্মশালায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তীর্থকুমার দত্ত, বিহার প্রাণিবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইন্দ্রজিৎ সিং, পাঞ্জাবের ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জেপিএস গিল এবং ন্যাশনাল অ্যাকাডেমি অফ ভেটেরিনারি সায়েন্সের সভাপতি ডিভিআর প্রকাশ রাও-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *