নির্যাতনের প্রতিবাদে শাশুড়ির নাক কামড়ে খুবলে নিলেন বৌমা
বৃহস্পতিবার শাশুড়ির সঙ্গে তুমুল চুলোচুলির জেরে বৌমা কামড়ে তাঁর নাকের ডগা খুবলে নিয়েছেন বলে অভিযোগ। গুরুতর জখম অঙ্গনওয়াড়ি কর্মী শাশুড়ি চায়না মণ্ডলকে প্রথমে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে ও পরে বর্ধমানের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। নাদনঘাট থানার পুলিশ অভিযুক্ত বৌমা পূর্বা মণ্ডলকে গ্রেপ্তার করেছে। শুক্রবার কালনা মহকুমা আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পরিবারে দীর্ঘদিন ধরেই অশান্তি লেগে থাকত। বৃহস্পতিবার সেই বিবাদ চরমে উঠলে শাশুড়ি ও বৌমা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। অভিযোগ, সেই অবস্থাতেই বৌমা কামড়ে শাশুড়ির নাকের ডগা খুবলে নেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ার পরেও ঝগড়া থামেনি, উল্টে বৌমা বঁটি হাতে শাশুড়ির দিকে তেড়ে যান। এর পরে পরিবারের লোকজন রক্তান্ত চায়নাকে ও তাঁর নাকের কাটা অংশ নিয়ে দ্রুত হাসপাতালে ছোটেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত পূর্বা মণ্ডলকে আটক করে থানায় নিয়ে যায়।