Rachna Banerjee on Indranil: ‘রাজনৈতিক জীবনে এই প্রথমবার…’, ইন্দ্রনীল সেন গ্রেফতার হতে মুখ খুললেন রচনা | Rachna Banerjee says she was not able to work with Indranil Sen
চন্দননগর: সংসদীয় এলাকার মধ্যে হলেও চন্দননগর বিধানসভায় যখন তখন ঢুকতে পারতেন না সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। ইন্দ্রনীল সেনের অনুমতি ছাড়া চন্দনগরে প্রবেশ নিষেধ ছিল! ইন্দ্রনীল গ্রেফতার হওয়ার পর এমনই দাবি করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। একই দলের বিধায়ক, সাংসদ হলেও তাই একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি বলে আক্ষেপের সুরে জানালেন হুগলির সাংসদ।
নির্বাচনে দাঁড়ানোর আগে ব্যক্তিগতভাবে ইন্দ্রনীল সেনের সঙ্গে তাঁর কোনও পরিচয় ছিল না বলে দাবি করেন রচনা। চন্দননগর পুলিশের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে চুঁচুড়া পুলিশ লাইনে উপস্থিত হয়ে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের গ্রেফতারি নিয়েও কথা বললেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
পুলিশের বিজয়া সম্মিলনীতে এসে তিনি বলেন, “এই প্রথমবার আমার রাজনৈতিক জীবনে এমন একটি অনুষ্ঠানে যোগদান করে ভালো লাগল।” প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের গ্রেফতারি প্রসঙ্গে বলতে গিয়ে হুগলির সাংসদ বলেন, “আমার লোকসভার মধ্যে তিনি বিধায়ক হলেও তাঁর সঙ্গে সেইভাবে কাজ করা হয়ে ওঠেনি। কিন্তু তাঁর বিধানসভায় কোনও অনুষ্ঠানে যেতে হলে তাঁর অনুমতি নিয়েই যেতে হত। চন্দননগরে কোনও অনুষ্ঠানে উপস্থিত হতে গেলে তাঁর অনুমতি নিয়ে যেতে হত।” তিনি বলেন, তাদের দলের কর্মীরাই এ বিষয়টি তাকে জানিয়েছিলেন।
রচনার কথায়, “আমি এখন অন্য দলের সাংসদ, তাই আগের দলের বিধায়ক নিয়ে আমি সেইভাবে কোনও মন্তব্য করতে চাই না। গ্রেফতার হয়েছেন আইন আদালতের রায় চূড়ান্ত।”