পারেননি স্টার্ক-বুমরাও, অজ়িদের বিরুদ্ধে আগুনে পেসে নয়া রেকর্ড রাবাডার
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে বল হাতে জ্বলে উঠলেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাডা। কেপটাউনে এই টেস্টের শেষ দিনে অস্ট্রেলিয়ার ইনিংসে ধস নামালেন তিনি। এর ফলে জায়গা করে নিলেন এক এলিট লিস্টে। টেস্ট ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন প্রোটিয়া পেসার। ডেল স্টেইন, মিচেল স্টার্কদের টপকে দ্রুততম হিসেবে গড়লেন এই নজির। শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ উইকেট নেওয়ার গণ্ডিও পেরিয়ে গেলেন রাবাডা। আর কোন নজির গড়লেন তিনি?
স্টেইন-স্টার্কদের টপকে শীর্ষে রাবাডা
চতুর্থ ইনিংসে জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে টার্গেট ২৮৮। এমন গুরুত্বপূর্ণ সময়ে ট্রাভিস হেডের উইকেট তুলে নেন রাবাডা। অফ স্টাম্পের বাইরে ফুলার লেংথের বল ড্রাইভ করতে গিয়ে মার্কো জ্যানসেনের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। হেডের উইকেট নিয়ে টেস্টে ৩৫০ উইকেট পূর্ণ করেন রাবাডা। এই মাইলস্টোনে পৌঁছতে রাবাডার লেগেছে মাত্র ১৩৮০৮ বল। বলের হিসাবে যা দ্রুততম। এর আগে এই নজির ছিল ডেল স্টেইনের দখলে। তাঁকে টপকে গেলেন ৩১ বছর বয়সি এই পেসার।
সবচেয়ে কম বলে টেস্টে ৩৫০ উইকেট নিয়েছেন কারা?
কাগিসো রাবাডা: ১৩৮০৮ বল
ডেল স্টেইন: ১৪৭১৯ বল
ওয়াকার ইউনিস: ১৪৯০৫ বল
ম্যালকম মার্শাল: ১৬২৮৫ বল
মিচেল স্টার্ক: ১৬৯০৮ বল
আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ উইকেটের ক্লাবে রাবাডা
শুধু টেস্টে নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও বড় নজির গড়েছেন। এই প্রোটিয়া পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে এখন তাঁর উইকেটসংখ্যা ৬০১। দেশের হয়ে ২৬০টি ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ বা তার বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় রাবাডা পঞ্চম। এই তালিকার শীর্ষে রয়েছেন শন পোলক। তিনি নিয়েছিলেন ৮২৩টি উইকেট। দ্বিতীয় স্থানে ডেল স্টেইন (৬৯৭), তৃতীয় মাখায়া এনটিনি (৬৬১) এবং চতুর্থ অ্যালান ডোনাল্ড (৬০২)।
ম্যাচের নিরিখেও নজির রাবাডার
মাত্র ৭৫টি টেস্টে ৩৫০ উইকেট নিয়ে আর এক নজিরও গড়েছেন রাবাডা। ম্যাচের নিরিখে টেস্টে দ্রুততম ৩৫০ উইকেট নেওয়া পেসারদের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ়ের কিংবদন্তি ম্যালকম মার্শালকে ছুঁয়ে ফেলেছেন রাবাডা। এই তালিকার শীর্ষে রয়েছেন রিচার্ড হ্যাডলি ও ডেল স্টেইন। দু’জনেই ৬৯ টেস্টে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন।
ম্যাচের নিরিখে টেস্টে দ্রুততম ৩৫০ উইকেট নিয়েছেন কোন পেসাররা?
৬৯ টেস্ট: রিচার্ড হ্যাডলি, ডেল স্টেইন
৭০ টেস্ট: ডেনিস লিলি
৭৪ টেস্ট: গ্লেন ম্যাকগ্রা
৭৫ টেস্ট: ম্যালকম মার্শাল, কাগিসো রাবাডা
৭৮ টেস্ট: ওয়াকার ইউনিস
৭৯ টেস্ট: ইমরান খান