৪০ হাজার কোটির প্রকল্পে নৌসেনার শক্তি বাড়াচ্ছে ভারত, তৈরি হবে ৮টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ
ভারতীয় নৌসেনার শক্তি বাড়াতে ৪০ হাজার কোটি টাকারও বেশি খরচে আটটি নতুন প্রজন্মের যুদ্ধজাহাজ তৈরির অনুমোদন দিল কেন্দ্র। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (CCS) এই প্রকল্পে ছাড়পত্র দিয়েছে। Next Generation Corvettes (NGC) নামে এই যুদ্ধজাহাজগুলি তৈরি করবে কলকাতার রাষ্ট্রায়ত্ত সংস্থা গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE) এবং গোয়া শিপইয়ার্ড লিমিটেড (GSL)। আগামী কয়েক দিনের মধ্যেই দুই সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা। নৌসেনার হাতে প্রথম যুদ্ধজাহাজটি ২০৩০ সালের মধ্যে তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
সরকারি সূত্রের খবর, আটটি যুদ্ধজাহাজ তৈরির জন্য দুই শিপইয়ার্ডের মধ্যে কাজ ভাগ করে দেওয়া হবে। GRSE তৈরি করবে পাঁচটি জাহাজ। বাকি তিনটি তৈরি করবে Goa Shipyard। বাণিজ্যিক দরপত্রে GRSE সবচেয়ে কম দর দিয়েছিল। দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা ছিল Goa Shipyard। একই ইউনিট খরচে দুই সংস্থা জাহাজগুলি তৈরি করবে বলে পরিকল্পনা।
কী বিশেষত্ব থাকবে নতুন যুদ্ধজাহাজে?
প্রতিটি করভেটের ওজন প্রায় ২,০০০ টন হতে পারে। নতুন যুদ্ধজাহাজগুলির সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৩০ নট বা প্রায় ৫৫.৬ কিলোমিটার হতে পারে। নৌসেনার নিজস্ব নকশায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এগুলি তৈরি করা হবে। শত্রুর রাডারে সহজে ধরা না পড়ার জন্য থাকবে স্টেলথ প্রযুক্তি।
এই জাহাজগুলির কাজ শুধু যুদ্ধ করা নয়। সমুদ্রে নজরদারি, অন্য জাহাজকে নিরাপত্তা দেওয়া, উপকূল রক্ষা, শত্রুর জাহাজ শনাক্ত করে আক্রমণ এবং সমুদ্রপথে প্রতিরোধ গড়ে তোলার মতো একাধিক দায়িত্ব পালন করতে পারবে এগুলি। আকাশ, সমুদ্রপৃষ্ঠ এবং জলের নীচে থাকা শত্রুর মোকাবিলার উপযোগী করে যুদ্ধজাহাজগুলি তৈরি করার পরিকল্পনা রয়েছে।
দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নের পথে
নৌসেনার এই প্রকল্পের পরিকল্পনা শুরু হয়েছিল ২০১৬ সালে। ২০২২ সালের জুন মাসে ডিফেন্স অ্যাকুইজ়িশন কাউন্সিল এই যুদ্ধজাহাজ কেনার প্রস্তাবে অনুমোদন দেয়। ২০২৫ সালের ২১ মে বাণিজ্যিক দরপত্র খোলা হয়েছিল। দীর্ঘ প্রক্রিয়ার পর এ বার CCS-এর ছাড়পত্র মিলল।
কলকাতার GRSE-র জন্যও এই প্রকল্প গুরুত্বপূর্ণ। সংস্থাটি এখনও পর্যন্ত ভারতীয় নৌসেনা এবং বন্ধুত্বপূর্ণ বিদেশি নৌবাহিনীর জন্য ১১১টি যুদ্ধজাহাজ তৈরি করেছে। বর্তমানে নৌসেনার জন্য একাধিক যুদ্ধজাহাজ ও টহলদারি জাহাজ তৈরির কাজও করছে তারা।
নতুন আটটি করভেট নৌসেনার পুরোনো Khukri ও Kora শ্রেণির যুদ্ধজাহাজের জায়গা নেবে বলে পরিকল্পনা। এই প্রকল্পের মাধ্যমে ভারতীয় নৌসেনার যুদ্ধক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রতিরক্ষা উৎপাদনেও গতি আসবে। ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সরকারের SAGAR (Security and Growth for All in the Region) উদ্যোগের লক্ষ্য পূরণেও এই যুদ্ধজাহাজগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।