শিয়ালদহ ডিভিশনে শনি-রবি মিলিয়ে সাত ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল, চার মেমু বাতিল আসানসোল ডিভিশনেও
শিয়ালদহ ডিভিশনের কল্যাণী এবং কাঁচরাপাড়া স্টেশনের মধ্যে ট্র্যাক এবং ওভার হেড তার রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য ওই শাখায় আগামিকাল শনিবার রাত সাড়ে ১০টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত সাত ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে।
শনিবার রাত এবং রবিবার ভোর পর্যন্ত শিয়ালদহ-রানাঘাট শাখার প্রায় ৩০টি লোকাল ট্রেন বাতিল থাকবে। ওই সব ট্রেনের মধ্যে শনিবার শিয়ালদহ রানাঘাট শাখার ৫টি, শান্তিপুর শাখার ৪টি, কৃষ্ণনগর শাখার ২টি, গেদে শাখার ২টি, কল্যাণী সীমান্ত-নৈহাটি শাখার ১টি, লালগোলা শাখার ২টি এবং দত্তপুকুর শাখার ২টি লোকাল ট্রেন বাতিল থাকবে। রবিবার ভোরের দিকে নৈহাটি-কল্যাণী সীমান্ত শাখায় ১টি, রানাঘাট শাখায় ২টি, শান্তিপুর, কৃষ্ণনগর এবং গেদে শাখায় ২টি করে লোকাল ট্রেন বন্ধ থাকবে।