ইটের পাল্টা গুলি, পার্কিং নিয়ে বিবাদে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড ফায়ারিং, লখনৌ ট্রিপল মার্ডারে সামনে এল নয়া তথ্য
সামান্য পার্কিংয়ের বিবাদ থেকে এমন ভয়াবহ পরিণতি! প্রকাশ্যে রাস্তায় একের পর এক গুলি চালিয়ে একই পরিবারের তিন সদস্যকে খুনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের লখনৌয়ে একই পরিবারের তিন জনকে খুনের ঘটনায় প্রকাশ্যে এল ভয়াবহ ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে, মাত্র ২২ সেকেন্ডের মধ্যে পাঁচ রাউন্ড গুলি চালিয়েছে অভিযুক্ত। পিস্তলের গুলি শেষ হয়ে যাওয়া সত্ত্বেও থামেনি। মাঝপথে ম্যাগাজিন বদলে ফের গুলি চালায় সে। লখনৌয়ের সাদাতগঞ্জ এলাকার এই ভয়াবহ ঘটনার ভিডিয়ো দেখে শিউরে উঠছেন তদন্তকারীরাও।
ঘটনাটি ঘটে গত ২৬ অক্টোবর সকালের। লখনৌয়ের ব্রাহ্মণী টোলা এলাকায় একটি ফাঁকা জমিতে গাড়ি পার্কিং করা নিয়ে দুই প্রতিবেশী পরিবারের মধ্যে বিবাদ শুরু হয়। সেই বিবাদই শেষ পর্যন্ত প্রাণঘাতী হয়ে ওঠে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ঋষভ শুক্লার সঙ্গে তিওয়ারি পরিবারের দীর্ঘদিন ধরেই জমি ও পার্কিং নিয়ে অশান্তি চলছিল।
প্রকাশ্যে আসা ভিডিয়োয় দেখা যাচ্ছে, প্রথমে শম্ভু তিওয়ারিকে লক্ষ্য করে গুলি চালায় ঋষভ। তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন পরিবারের অন্য সদস্যরা। এর পরে শিবেন্দ্র তিওয়ারি ও তাঁর ভাই শিবাজি তিওয়ারির উপরেও গুলি চালায় অভিযুক্ত। শিবেন্দ্রর ছেলে সুয়শও অভিযুক্তের হাত থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁকেও গুলি করা হয়। গুলিতে ঝাঁঝরা হয়ে যান তিওয়ারি পরিবারের তিন সদস্য। এক পর্যায়ে পিস্তলের গুলি শেষ হয়ে গেলে ম্যাগাজিন বদলে ফের গুলি চালায় ঋষভ। ভিডিয়োয় বাড়ির মহিলাদের অসহায় চিৎকার ও আর্তনাদও শোনা গিয়েথে। কাউকে আবার আহতদের বাঁচানোর চেষ্টা করতে দেখা গিয়েছে।
হামলার পরেও অস্ত্র হাতে ঘটনাস্থলে ঘুরে ঘুরে বাকিদের হুমকি দিতে দেখা যায় অভিযুক্তকে। ভিডিয়োয় তাকে বলতে শোনা যায়, ‘আমাকে ইট দিয়ে মেরেছে, তাই গুলি চালিয়েছি।’ অন্য একটি ফুটেজে নিজেকে আত্মরক্ষার দাবি করতেও শোনা যায় তাকে। যদিও তার এই দাবি কতটা সত্যি, তা তদন্ত করে দেখছে পুলিশ।
নিহত তিনজন হলেন শিবাজি তিওয়ারি, তাঁর ভাই শিবেন্দ্র ওরফে শম্ভু তিওয়ারি এবং শিবাজির ছেলে সুয়শ তিওয়ারি। তাঁদের উদ্ধার করে কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটির ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ঘটনার পরেই অভিযুক্তকে আটক করে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে। নিহত শিবেন্দ্রর স্ত্রী রুচি তিওয়ারির অভিযোগের ভিত্তিতে আটজনের বিরুদ্ধে খুন ও দাঙ্গার মামলা দায়ের হয়েছে। অভিযুক্তের পরিবারের কয়েকজনকেও গ্রেপ্তার করা হয়েছে বলে রিপোর্টে উল্লেখ।
এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এর পরেই সাদাতগঞ্জ থানার ওসি সন্তোষকুমার আর্য এবং কাশ্মীরি মহল্লা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অজয়কুমার চৌরাসিয়াকে সাসপেন্ড করেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। পুরো ঘটনার তদন্ত চলছে।
FAQ
১. লখনৌয়ে একই পরিবারের তিনজনকে খুনের ঘটনা কবে ঘটে?
২০২৬ সালের ২৬ অক্টোবর সকালে উত্তরপ্রদেশের লখনৌয়ের সাদাতগঞ্জ এলাকার ব্রাহ্মণী টোলায় এই ঘটনা ঘটে।
২. লখনৌয়ে ট্রিপল মার্ডারের কারণ কী?
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, একটি ফাঁকা জমিতে গাড়ি পার্কিং এবং জমি নিয়ে দুই প্রতিবেশী পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিবাদ চলছিল। সেই বিবাদ থেকেই এই হত্যাকাণ্ড বলে অভিযোগ।
৩. কত সেকেন্ডে কত রাউন্ড গুলি চালায় অভিযুক্ত?
প্রকাশ্যে আসা ভিডিয়ো অনুযায়ী, মাত্র ২২ সেকেন্ডের মধ্যে পাঁচ রাউন্ড গুলি চালায় অভিযুক্ত ঋষভ শুক্লা। গুলি শেষ হয়ে যাওয়ার পর ম্যাগাজিন বদলেও ফের গুলি চালায় সে।
৪. লখনৌয়ের ঘটনায় নিহত কারা?
নিহত তিনজন হলেন শিবাজি তিওয়ারি, তাঁর ভাই শিবেন্দ্র ওরফে শম্ভু তিওয়ারি এবং শিবাজির ছেলে সুয়শ তিওয়ারি।
৫. অভিযুক্ত ঋষভ শুক্লা কী দাবি করেছে?
অভিযুক্তকে ভিডিয়োয় বলতে শোনা গিয়েছে, তাকে ইট দিয়ে মারা হয়েছিল, তাই সে গুলি চালিয়েছে। অন্য একটি ফুটেজে নিজেকে আত্মরক্ষার দাবি করতেও শোনা যায় তাকে। তার এই দাবি খতিয়ে দেখছে পুলিশ।
৬. এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?
ঘটনার পর সাদাতগঞ্জ থানার ওসি সন্তোষ কুমার আর্য এবং কাশ্মীরি মহল্লা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অজয় কুমার চৌরাসিয়াকে সাসপেন্ড করা হয়েছে।
৭. লখনৌ ট্রিপল মার্ডার মামলায় কতজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে?
নিহত শিবেন্দ্রর স্ত্রী রুচি তিওয়ারির অভিযোগের ভিত্তিতে আটজনের বিরুদ্ধে খুন ও দাঙ্গার মামলা দায়ের হয়েছে।