Amazon laid off: অক্টোবরেই ২ বার ছাঁটাই করল অ্যামাজন, ঘুম থেকে উঠেই চাকরি হারানোর ই-মেল পেলেন ২৫০ জন | Amazon lays off 250 jobs
নয়া দিল্লি: বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স সংস্থা অ্যামাজন-এ (Amazon) ফের কর্মী ছাঁটাই। এবার সংস্থার ‘ডিভাইসেস অ্যান্ড সার্ভিসেস’ বিভাগের প্রায় ২৫০ জনের চাকরি চলে গিয়েছে। বুধবার ভোরেই কর্মীদের কাছে ই-মেল ও টেক্সট মেসেজ যায়। জানানো হয় আর চাকরি নেই। মূলত সফটওয়্যার ডেভেলপমেন্ট বিভাগের কর্মীদের উপরেই এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে।
সংস্থার তরফে জানানো হয়েছে, কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে সংস্থার কাজকর্ম আরও দক্ষ করে তুলতে, একই সঙ্গে কর্মী কাঠামোর সামঞ্জস্য বজায় রাখতেই এই পদক্ষেপ করা হয়েছে। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, সাংগঠনিক কাঠামো পর্যালোচনা করার পরই কয়েকটি পদ তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হল, সম্প্রতি একের পর এক নতুন জিনিস বাজারে এনেছে অ্যামাজন। নতুন কিন্ডল ই-রিডার ও ট্যাবলেট কম্পিউটার বাজারে আনার কয়েক সপ্তাহের মধ্যেই এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত সামনে এল। বুধবারই আবার অ্যালেক্সা-চালিত নতুন অ্যালার্ম ক্লক ও ফটো ফ্রেম আনার কথা ঘোষণা করেছে সংস্থাটি।
এই মাসের শুরুতে অ্যামাজন তার মূল খুচরা বিভাগে প্রায় ১,০০০ কর্মী ছাঁটাই করেছিল। এরপর দ্বিতীয়বার ফের হল ছাঁটাই। অর্থাৎ একমাসে দু’বার কর্মী ছাঁটাইয়ের পথে অ্যামাজন। গত বছরের অক্টোবরে ১৪,০০০ কর্মী ছাঁটাই করার পর, জানুয়ারিতে কোম্পানি ১৬,০০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করে। আবার এই সংস্থাই AI ব্যবহারের জন্য বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। ফলত, আগামী দিনে আশা করা হচ্ছে, অ্যামাজন শুধু এই বছরেই AI-তে ২২০ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করতে পারে।