Liquor Shop: লাইনে দাঁড়ানোর দিন শেষ, এবার বাড়ি বসেই বুক করুন মদ – নয়া পদক্ষেপ সরকারের | Delhi Govt Launches Delhi Liquor Booking App, Book Your Brand Online
নয়াদিল্লি: হঠাৎ করে গলায় টান? কিন্তু দোকানে গিয়ে দেখলেন লম্বা লাইন? পছন্দের ব্র্যান্ডের সঙ্গে ‘দু পাত্তর’ না হলে অনেকেরই মন হালকা হয় না। তবে ইচ্ছে থাকলেই তো হল না। দোকানে গিয়েও যদি পছন্দের ব্র্যান্ডটি পাওয়া না যায়, তাহলে তো মন খারাপ হয়ই। এবার এই অবস্থা থেকে মুক্তি দিতে বিশেষ উদ্যোগ নিল দিল্লি সরকার।
কী উদ্যোগ?
এবার নতুন এক অ্যাপ বাজারে আনল দিল্লি সরকার। এবার আপনি বাড়িতে বসেই পছন্দের সুরা ব্র্যান্ড বেছে নিয়ে অনলাইনেই পেমেন্ট করতে পারবেন। অ্যাপটির নাম ‘দিল্লি লিকার বুকিং’। এটি বানিয়েছে দিল্লি স্টেট ইন্ডাস্ট্রিয়াল ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। এই মুহূর্তে দিল্লির ২০৮টি মদের দোকানে এই পরিষেবা চালু করা হয়েছে। সরকার জানিয়েছে, এর মূল উদ্দেশ্য হল দোকানের বাইরে ভিড় কমানো ও দামের ক্ষেত্রে স্বচ্ছতা আনা। কিন্তু একটি বিষয় বলা দরকার, অনলাইন অর্ডার করলেও বাড়িতে বসে কিন্তু ডেলিভারি দেওয়া হবে না। অর্ডার করার ৪৮ ঘন্টার মধ্যে দোকানে গিয়ে আপনাকেই এটি নিয়ে আসতে হবে।
কীভাবে পাওয়া যাবে ‘সার্ভিস’?
এই নতুন অ্যাপের মাধ্যমে জানা যাবে, কোন দোকানে কোন কোন মদ আছে। এরপর পছন্দের দোকান বেছে নিয়ে ব্র্যান্ড, বোতলের পরিমাণ নির্বাচন করতে পারবেন ক্রেতারা। এরপর অনলাইনে পেমেন্ট করতে হবে এই অ্যাপের মাধ্যমেই। সব হয়ে গেলে একটি কিউআর কোড তৈরি হবে। সেই কোড নিয়ে নির্দিষ্ট দোকানে গেলেই নির্বাচন করা ব্র্যান্ড ক্রেতার হাতে তুলে দেবেন দোকানি। তবে, পেমেন্ট করে কিউআর কোড পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে সেই সুরা সংগ্রহ করতে হবে। এবং এই অ্যাপ ব্যবহার করে মদ কেনার জন্য অন্তত ২৫ বছর বয়সী হতে হবে ক্রেতাকে।