Kitchen hacks: বাড়িতেই ভোঁতা কাঁচিতে ধার দেবেন কীভাবে? | How to Sharpen Scissors at Home: Safe and Easy Methods - 24 Ghanta Bangla News
Home

Kitchen hacks: বাড়িতেই ভোঁতা কাঁচিতে ধার দেবেন কীভাবে? | How to Sharpen Scissors at Home: Safe and Easy Methods

Spread the love

দরকারী কোনও প্যাকেট কাটতে গিয়ে দেখলেন, কাঁচি (Scissors) জিনিসটা কাটার বদলে রীতিমতো চিবিয়ে রেখে দিচ্ছে! রাগে তখন ভোঁতা কাঁচিটাকেই ডাস্টবিনে ফেলে দিতে ইচ্ছে করে, তাই না? রান্নাঘরের সবজি কাটার কাঁচি হোক বা অফিসের কাজের, ধার কমে গেলে অকারণে মাথা গরম করার দরকার নেই। আর পুরনো কাঁচি ফেলে নতুন কেনারও প্রয়োজন নেই। বিশেষজ্ঞদের মতে, ঘরে থাকা সাধারণ জিনিস দিয়েই খুব সহজে আর নিরাপদে কাঁচিতে ম্যাজিকের মতো শান দেওয়া যায়।

কখন ধার দেওয়া জরুরি?

কাঁচিতে ঠিক কখন ধার দিতে হবে, তার নির্দিষ্ট কোনও সময় নেই। ব্যবহারের উপর তা নির্ভর করে। তবে বছরে অন্তত দু’বার শান দেওয়া ভালো। সবজি বা মাংস কাটতে যদি স্বাভাবিকের চেয়ে বেশি জোর লাগে, তবে বুঝতে হবে ধার কমে গিয়েছে। একটি কাগজ কেটে সহজেই পরীক্ষা করা যায়। মসৃণভাবে কাগজ কাটতে না পারলে কাঁচিতে শান দেওয়া জরুরি।

বাড়িতে বেশ কয়েকটি উপায়ে কাঁচি ধারালো করা যায়:

কী কী করবেন?

  • ধার দেওয়ার পাথর (Whetstone): এটি অন্যতম সেরা উপায়। কাঁচির ব্লেডের কোণ বা অ্যাঙ্গেল বুঝে পাথরের উপর ঘষতে হবে। ছুরির চেয়ে কাঁচির অ্যাঙ্গেল আলাদা হয়। কাঁচির দুটি অংশ আলাদা করে নিলে শান দিতে সুবিধা হয়। ব্লেডের পিছনের দিকটি সমতল রেখে হ্যান্ডেল থেকে ডগার দিক পর্যন্ত ১০ থেকে ২০ বার ঘষতে হবে।
  • হোম শার্পনার (Home Sharpener): বাজারে এখন খুব কম খরচে শার্পনার পাওয়া যায়। নিয়ম মেনে সেটি ব্যবহার করা হল খুব সহজ একটি পদ্ধতি।
  • সিরিশ কাগজ (Sandpaper): বাড়িতে পাথর না থাকলে ২০০ গ্রিটের সিরিশ কাগজ দারুণ কাজ করে। কাগজটি ভাঁজ করে কয়েকবার কাঁচি দিয়ে কাটলেই ধার ফিরে আসে। অ্যালুমিনিয়াম ফয়েল কাটলেও কিছুটা ধার বাড়ে।

কী কী করা উচিত নয়?

কাঁচি ধার করতে কখনও রোটারি হুইল ব্যবহার করা ঠিক নয়। এতে ব্লেড অসমান হয়ে যেতে পারে। এছাড়া, রান্নাঘরের কাঁচি দিয়ে শক্ত প্লাস্টিক বা বাক্স কাটা উচিত নয়। প্রতিটি কাজের জন্য আলাদা কাঁচি রাখা ভালো। কাগজ কাটার জন্য সাধারণ এবং কাপড় কাটার জন্য সম্পূর্ণ আলাদা কাঁচি থাকা উচিত।

কীভাবে যত্ন নেবেন?

নিয়মিত পরিষ্কার রাখলে কাঁচি দীর্ঘদিন ভালো থাকে। কাটার পর আঠা বা ময়লা জমলে অ্যালকোহল দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। ব্যবহারের পর ভালো করে মুছে রাখা জরুরি, যাতে জং না ধরে। যাঁদের বাড়িতে ছুরি ধার করার স্টিল রয়েছে, তাঁরা ব্যবহারের মাঝে কাঁচিতেও সেটি ঘষে নিতে পারেন। ডিশওয়াশারে কাঁচি পরিষ্কার করলে অন্যান্য বাসনের সঙ্গে ধাক্কা লেগে ধার নষ্ট হওয়ার ভয় থাকে। একটু যত্ন নিলে একটি ভালো মানের কাঁচি ১৫ বছর পর্যন্ত অনায়াসেই ব্যবহার করা যায়। ব্লেড বেঁকে গেলে বা তাতে খাঁজ তৈরি হলে তবেই তা বদলে ফেলা দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *