চিংড়ি ভাজার পরে শক্ত রবারের মতো হয়ে যায়? রান্নার সময়ে এই ভুলগুলি করবেন না - 24 Ghanta Bangla News
Home

চিংড়ি ভাজার পরে শক্ত রবারের মতো হয়ে যায়? রান্নার সময়ে এই ভুলগুলি করবেন না

Spread the love

সি-ফুড প্রেমীদের কাছে এক প্লেট মচমচে প্রন গোল্ডেন ফ্রাই, চিংড়ি মালাইকারি কিংবা মচমচে ক্রিস্পি প্রন স্টার্টারের লোভ সামলানো সত্যিই কঠিন। তবে চিংড়ি বা প্রন যতই সুস্বাদু হোক না কেন, রান্না করা কিন্তু বেশ কঠিন। বাজার থেকে কম দামে চিংড়ি কিনে আনা কিংবা রান্না করার সময় সামান্য কিছু ভুলের কারণে আপনার সাধের খাবারটি রবারের মতো শক্ত বা তেতো হয়ে যেতে পারে। রান্না করার আগে এবং ওই সময় কয়েকটি ভুল এড়িয়ে চললেই সমস্যার সমাধান হবে।

১. তাড়াহুড়ো করে চিংড়ি কেনা

বাজার থেকে চিংড়ি কেনার সময় কখনই তাড়াহুড়ো করবেন না। কেনার আগে তার গঠন, টেক্সচার ভালো করে দেখে নিন। খোসাগুলো স্বচ্ছ না ঘোলাটে, তার উপরেও অনেক কিছু নির্ভর করে। রং ধূসর-সবুজ, হালকা গোলাপি বা বাদামী হতে পারে। চিংড়ির গায়ে সন্দেহজনক কালো দাগ দেখলে তা এড়িয়ে চলুন।

২. গন্ধ পরীক্ষা না করা

সামুদ্রিক খাবার কেনার নিয়ম হলো নিজের নাকের উপর ভরসা রাখা। টাটকা ও ভালো মানের চিংড়ি হলে, তা থেকে মিষ্টি সামুদ্রিক বা সমুদ্রের হাওয়ার মতো হালকা গন্ধ ভেসে আসবে। যদি অ্যামোনিয়ার মতো গন্ধ পান, তবে সেই চিংড়ি একেবারেই কিনবেন না।

৩. বিশ্বস্ত বিক্রেতা নির্বাচন না করা

সবসময় বিশ্বস্ত ও নির্ভরযোগ্য দোকান বা বিক্রেতার কাছ থেকে সি-ফুড কিনুন, যিনি চিংড়ির উৎস ও তা কী ভাবে সংরক্ষণ করা হয়েছে সে বিষয়ে পরিষ্কার ধারণা দিতে পারেন।

৪. পরিষ্কার না করা

রান্না করার আগে চিংড়ি ভালো করে পরিষ্কার না করা আরেকটি বড় একটি ভুল। চিংড়ির পিঠের উপর দিয়ে যে কালো সুতোর মতো অংশটি দেখা যায়, তা হলো প্রনের পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ ট্র্যাক্ট। এটি পরিষ্কার না করলে খাবারের স্বাদ তেতো হয়ে যেতে পারে। হজমের গন্ডগোল হওয়া অস্বাভাবিক নয়। তাই টুথপিকের সাহায্যে এই শিরাটি অবশ্যই ফেলে দিন।

৫. অতিরিক্ত সময় ধরে রান্না করা

চিংড়ি অত্যন্ত সংবেদনশীল এবং রান্না হতে মাত্র ৩ থেকে ৪ মিনিট সময় নেয়। অতিরিক্ত সময় ধরে আঁচে রাখলে এর ভিতরের প্রোটিন শক্ত হয়ে যায়, ফলে তা চিবোলে অনেকটা রবারের মতো লাগে।

৬. রঙের পরিবর্তন লক্ষ না করা

চিংড়ি ঠিকমতো রান্না হলো কি না, তা রং দেখলেই বোঝা যায়। প্রন রান্না করার সময় খেয়াল রাখুন স্বচ্ছ থেকে হালকা গোলাপি হয়ে যাচ্ছে কি না। এমনটা হলেই গ্যাস বন্ধ করে দিন। লম্বা চিংড়ি গুটিয়ে ইংরেজি ‘সি’ অক্ষরের মতো হলেই নামিয়ে ফেলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *