‘ইন্ডিয়া, বিয়ন্ড আ সিঙ্গল গেজ়’-এ অদিতি, স্যাটিন শাড়ি, ভেলভেট ব্লাউজ়ে নজরকাড়া অভিনেত্রী
ট্র্যাডিশনাল হোক কিংবা মডার্ন—অভিনেত্রী অদিতি রাও হায়দারির স্টাইল স্টেটমেন্ট সবসময়ই ফ্যাশন প্রেমীদের নজর কাড়ে। অতিরিক্ত সাজসজ্জার বদলে সবসময় আভিজাত্য ও সরলতাকে প্রাধান্য দেন এই অভিনেত্রী। সম্প্রতি তাঁর এমনই এক লাবণ্যময় লুক ফের চর্চায় উঠে এসেছে। বিশ্বখ্যাত পিরেলি ক্যালেন্ডার ২০২৭-এ নিজের নাম লেখানোর আনন্দ উদযাপন করতেই সম্পূর্ণ কালো রঙের একটি মনোক্রম্যাটিক লুকে ধরা দিলেন অদিতি। ‘ইন্ডিয়া, বিয়ন্ড আ সিঙ্গেল গেজ়’ শিরোনামের এই ক্যালেন্ডারে একমাত্র মূলধারার বলিউড অভিনেত্রী হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি।
এই বিশেষ দিনে অদিতি বেছে নিয়েছিলেন ফ্যাশন ব্র্যান্ড JADE by Monica and Karishma-র একটি সুন্দর কালো রঙের স্যাটিন শাড়ি। উৎসবের মরশুম বা হালকা ঠান্ডার এই আবহাওয়া মাথায় রেখে সাটিন কাপড়ের এই শাড়িতে কোনও ভারী বর্ডার বা অতিরিক্ত জমকালো এমব্রয়ডারি রাখা হয়নি। বরং কাপড়ের নিজস্ব ফ্লো ও পালিশই এর মূল আকর্ষণ।
শাড়ির সঙ্গে মানানসই একটি কালো ভেলভেটের ব্লাউজ পরেছিলেন তিনি। ডিপ প্লাঞ্জিং নেকলাইন এবং কনুই পর্যন্ত ছড়ানো স্ট্রাকচার্ড হাতা। বাহুর চারপাশে সূক্ষ্ম সুতোর কাজের কন্ট্রাস্ট মোটিফ পুরো লুকে আলাদা মাত্রা যোগ করেছে। গলায় ভারী হার না রেখে সমস্ত ফোকাস রাখা হয়েছিল কানের দিকে। ‘ইন্দ্রিয়া জুয়েলস’-এর স্টেটমেন্ট ইয়ার কাফ এবং ছোট স্টাডেই বাজিমাত করেছেন অদিতি।
অদিতির মেকআপ ছিল একদম স্নিগ্ধ ও মিনিমাল। স্মোকি আই, শেপ করা ভ্রু এবং ন্যুড রোজ় লিপস্টিক তাঁর স্বাভাবিক সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলেছে। কপালে একটি ছোট্ট টিপ এবং একপাশে এলিয়ে দেওয়া চুলে অদিতির এই লুক এককথায় অনবদ্য।