Rahul Gandhi: দুর্ঘটনার কবলে রাহুল গান্ধীর কনভয়, অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষ পাঁচটি গাড়ির, কেমন আছেন কংগ্রেস নেতা? | Rahul Gandhi Convoy Accident: Five Cars and an Ambulance Collide on Purvanchal Expressway, Several Injured
লখনউ: উত্তরপ্রদেশে দুর্ঘটনার কবলে পড়ল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi Convoy Accident) কনভয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ৯১ কিলোমিটার মাইলস্টোনের কাছে কনভয়ের পাঁচটি গাড়ি এবং একটি অ্যাম্বুল্যান্সের মধ্যে সংঘর্ষের জেরে দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় কংগ্রেসের কর্মী, পদাধিকারী এবং নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। তবে রাহুল গান্ধী নিরাপদ রয়েছেন বলে জানা গিয়েছে।
ঠিক কী ঘটেছে?
সোমবার উত্তরপ্রদেশ সফরে গিয়েছেন রাহুল গান্ধী। একটি মামলায় আদালতে হাজিরা দিতে তাঁর সুলতানপুর যাওয়ার কথা ছিল। এদিন সকালে দিল্লি থেকে লখনউ পৌঁছন তিনি। সেখান থেকে সড়কপথে সুলতানপুর যাওয়ার সময় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর কনভয়। সংঘর্ষের পর ঘটনাস্থলে আতঙ্ক ও বিশৃঙ্খলা তৈরি হয়। কী কারণে পরপর গাড়িগুলির মধ্যে ধাক্কা লাগল, তা এখনও স্পষ্ট নয়।
কীভাবে ঘটল দুর্ঘটনা? এই বিষয়ে এখনও কোনও কিছু স্পষ্ট জানা যায়নি। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেই ফুটেজে দেখা গিয়েছে, এক্সপ্রেসওয়ের ডানদিকের লেনে ছিল অ্যাম্বুল্যান্সটি। অন্য লেনগুলিতে একাধিক গাড়ি পরপর দাঁড়িয়ে রয়েছে। ফুটেজে আরও দেখা গিয়েছে, সংঘর্ষের জেরে একটি স্করপিও এসইউভির বনেট সামনের দিকে দুমড়ে-মুচড়ে গিয়েছে। ধাক্কার পর গাড়িটি অ্যাম্বুল্যান্সের সামনে থেমে গিয়েছিল বলে মনে করা হচ্ছে।
কেন সুলতানপুর যাচ্ছিলেন রাহুল গান্ধী?
প্রায় আট বছর পুরনো একটি মানহানির মামলায় আদালতে হাজিরা দিতে সোমবার সুলতানপুর যাচ্ছেন রাহুল গান্ধী। ২০১৮ সালে কর্নাটক বিধানসভা নির্বাচনের প্রচারের সময় বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে নিয়ে তাঁর একটি মন্তব্যকে কেন্দ্র করে এই মামলা দায়ের হয়েছিল। অভিযোগ, নির্বাচনী প্রচারে রাহুল গান্ধী বলেছিলেন, বিজেপির সভাপতি একটি হত্যা মামলায় অভিযুক্ত। যদিও ২০১৪ সালে মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালত অমিত শাহকে ওই মামলা থেকে অব্যাহতি দিয়েছিলেন। রাহুল গান্ধীর ওই মন্তব্যের পর বিজেপি নেতা বিজয় মিশ্র ২০১৮ সালের ৪ অগস্ট সুলতানপুরের আদালতে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মানহানির অভিযোগ দায়ের করেন।
এই মামলায় ২০২৩ সালের নভেম্বর মাসে রাহুল গান্ধীকে তলব করে সুলতানপুরের বিশেষ এমপি-এমএলএ আদালত। ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি আদালতে হাজিরা দিলে তাঁকে জামিন দেওয়া হয়। পরবর্তী সময়ে ২০২৪ সালের জুলাই এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতেও তিনি আদালতে নিজের বক্তব্য পেশ করেন।