Barcelona vs Real Madrid: কুকুরেয়ার 'পকেটে' ইয়ামাল, এমবাপের সেঞ্চুরিতে বিধ্বস্ত বার্সেলোনা | Barcelona vs Real Madrid El Classico of La Liga 2026 Result - 24 Ghanta Bangla News
Home

Barcelona vs Real Madrid: কুকুরেয়ার ‘পকেটে’ ইয়ামাল, এমবাপের সেঞ্চুরিতে বিধ্বস্ত বার্সেলোনা | Barcelona vs Real Madrid El Classico of La Liga 2026 Result

Spread the love

গোলের পর কিলিয়ান এমবাপে।Image Credit: Getty Images

বার্সেলোনা – ১ (রাফিনহা) : রিয়াল মাদ্রিদ – ২ (এমবাপে ২)

ক্যাম্প নৌ: এই ম্যাচের আগে সোশাল মিডিয়াতে বার্সা ফ্যানেরা প্রচন্ড উত্তেজিত ছিলেন। যাবতীয় পোস্ট করে তাঁরা বুঝিয়ে দিচ্ছিলেন, রিয়াল মাদ্রিদকে হারাতে তাঁরা কতটা বদ্ধপরিকর। কিন্তু ম্যাচের মধ্যে এসব কিছুই হল না। গোটা ম্যাচে একদমই চললেন না পেদ্রি, ইয়ামালরা। উল্টে ড্যাং ড্যাং করে জোড়া গোল করে ম্যাচ পকেটে পুড়ে চলে গেলেন কিলিয়ান ‘ডিক্টেটর’ এমবাপে। একইসঙ্গে রিয়াল মাদ্রিদের হয়ে ১০০তম গোলটিও করে ফেললেন তিনি।

এই ম্যাচে চোটের জন্য ছিটকে গিয়েছিলেন রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবো কুর্তোয়া। লা লিগা থেকে সাসপেন্ড থাকার ফলে খেলতে পারেননি ভিনিসিয়াস জুনিয়রও। তবুও জিতল মাদ্রিদ। দুরন্ত একটি গোললাইন সেভ দিলেন রিয়াল কিপার আন্দ্রে লুনিন। শুরু থেকেই আক্রমণ শানাতে শুরু করে দুই দল। কিন্তু বার্সা ডিফেন্ডারদের দক্ষতায় বেশ কয়েকবার আটকে যায় রিয়াল। ৩০ মিনিটে চোটের জন্য মাঠ ছাড়তে হয় বার্সার লেফট ব্যাক এসপার্টকে। তাঁর বদলে মাঠে আসেন আলেহান্দ্রো বালদে। ৪১ মিনিটে বার্সার গোলপোস্টের দিকে আগুয়ান একটি বল ক্লিয়ার করতে গিয়ে এমবাপের দিকে ঠেলে দেন বার্সার ডিফেন্ডার জেরার্ড মার্টিন। সেই বল এমবাপের পায়ে লেগে ঢুকে যায় গোলে। প্রথমার্ধে ১-০ এগিয়ে থাকে রিয়াল।

দ্বিতীয়ার্ধে পাল্টা প্রত্যাঘাত করার চেষ্টা করে বার্সা। ৬১ মিনিটে পেদ্রির পাস থেকে সমতা ফেরান রাফিনহা। এরপরেও একাধিক সুযোগ পায় হ্যান্সি ফ্লিকের ছেলেরা কিন্তু বারংবার তাদের আটকে যেতে হয় রিয়ালের ডিফেন্সের কাছে। একটি ভাল সেভ করেন রিয়াল ডিফেন্ডার ডিন হুইসেনও। ৮৭ মিনিটের মাথায় জয়সূচক গোল পায় রিয়াল। গ্যাব্রিয়েল জেসুসের পা থেকে বল ছিনিয়ে নিয়ে উইং দিয়ে বল নিয়ে দৌড় শুরু করেন এদুয়ার্দো কামাভিঙ্গা। তিনি পাস দেন এমবাপেকে। বার্সা গোলকিপার গার্সিয়া এগিয়ে এসেও বল ধরতে ব্যর্থ হন। কার্যত ফাঁকা গোলে গোল করে যান কিলিয়ান। ২-১ গোলে এগিয়ে যায় মাদ্রিদ। এরপর আর গোলশোধ করতে পারেনি বার্সেলোনা। ফলে জিতে মাঠ ছাড়েন বেলিংহ্যামরা। তবে এই ম্যাচে উল্লেখ করতেই হবে স্প্যানিশ ও রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার মার্ক কুকুরিয়ার কথা। গোটা ম্যাচে ইয়ামালকে কার্যত বন্দি করে রেখেছিলেন তিনি। একই সঙ্গে ভাল পারফর্ম করলেন মাদ্রিদের ডিওমান্ডেও।

২০২৪ সালে পিএসজি থেকে রিয়াল মাদ্রিদের জার্সি পরেছেন এমবাপে। সেই জার্সিতেই ১০০ গোল হয়ে গেল তাঁর। এর আগে বেশ কয়েকটি ম্যাচে বার্সার বিরুদ্ধে হারতে হয়েছিল রিয়ালকে। এমনকি এই মরসুমে এখনও লা লিগাতে অপরাজিত ছিল বার্সা। কিন্তু এই ম্যাচেই হারতে হল তাদের। দিন কয়েক আগেই পিএসজির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে হারতে হয়েছিল বার্সাকে। এবার রিয়াল মাদ্রিদের বিরুদ্ধেও নতিস্বীকার করল হ্যান্সি ফ্লিকের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *