সাঁতরাগাছি-জয়পুরের নয়া ট্রেন রাজ্যে, গঙ্গাসাগরেও রেললাইন চাইলেন মুখ্যমন্ত্রী
রাজস্থান যাওয়ার নতুন ট্রেন পেলেন রাজ্যবাসী। সাঁতরাগাছি থেকে জয়পুর যাওয়ার ট্রেনের উদ্বোধন হলো সোমবার। সাঁতরাগাছি স্টেশনে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভার্চুয়ালি অনুষ্ঠানে জুড়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ওই ট্রেন উদ্বোধনের মঞ্চ থেকেই রেলমন্ত্রীর কাছে গঙ্গাসাগরকে ট্রেন লাইনে জুড়ে দেওয়ার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী।
এ দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাজ্যে বিজেপি সরকার আসার পর উন্নয়নে গতি এসেছে। একাধিক প্রকল্প, যেগুলির আগের সরকারের আমলে আটকে ছিল। সেগুলি দ্রুত জট কাটিয়ে এগিয়েছে। চিংড়িহাটায় মেট্রোর কাজের প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী। ১৭ মাস ধরে যে কাজ আটকে রয়েছে, সেটা ১৭ দিনে শুরু হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগের সরকার ক্ষমতায় থাকার সময়ে রেলের প্রায় ৬০টি প্রকল্পের কাজ বন্ধ রাখা হয়েছিল। সেগুলি নতুন সরকার আসার পর দ্রুত ছাড়পত্র দিয়েছে।
সম্প্রতি মুড়িগঙ্গার উপর সেতুর কাজের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিন সেই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী জানান, আর কিছুদিনের মধ্যেই মুড়িগঙ্গার উপর ব্রিজ তৈরি হয়ে যাবে। রেলমন্ত্রীর কাছে তাঁর আবেদন, ‘আপনি সার্ভে টিম পাঠান। গঙ্গাসাগরকে রেল মানচিত্রের সঙ্গে জুড়ে দিন।’
সাঁতরাগাছি-খাতিপুরা সাপ্তাহিক এক্সপ্রেস:
-
প্রতি বুধবার সাঁতরাগাছি থেকে ট্রেন ছাড়বে। বৃহস্পতিবার রাত ১১টায় জয়পুরের কাছে খাতিপুরা স্টেশনে পৌঁছবে
-
প্রতি শুক্রবার খাতিপুরা থেকে সকাল ৯টা ২০ মিনিটে ট্রেন ছাড়বে। শনিবার সন্ধ্যায় পৌঁছবে সাঁতরাগাছি।
-
১৬ কোচের গাড়িতে সাধারণ, স্লিপার ও ইকোনমি ক্লাসের কামরা থাকবে।