BSF-Bangladeshi Clash: কতটা দুঃসাহস! ভারতে ঢুকে চুরি করে নিয়ে যাচ্ছিল বালি-পাথর, বাধা দিতেই হামলা BSF-র উপরে, বাংলাদেশিদের এমন জবাব দিল বাহিনী… | BSF Clash with Bangladeshis who were Stealing Sand & Stone from Coochbehar’s India Bangladesh Border River
বাংলাদেশিদের সঙ্গে সংঘর্ষ বিএসএফের।Image Credit: TV9 বাংলা
মেখলিগঞ্জ: ভারত-বাংলাদেশ সীমান্তে তুমুল উত্তেজনা। কোচবিহারের ভোটবাড়ি সীমান্ত টপকে ঢুকে পড়েছিল বাংলাদেশিরা। তাদের বারবার সতর্ক করা হয়। শেষে সাউন্ড গ্রেনেড ছুড়তে বাধ্য হল বিএসএফ। কী পরিস্থিতি এখন?
ভারত-বাংলাদেশ সীমান্তে সানিয়ানজান নদী থেকে বালি-পাথর উত্তোলনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মেখলিগঞ্জের ভোটবাড়ি সীমান্তে। অভিযোগ, গতকাল কাঁটাতারের ওপারে ভারতের ভূখণ্ডে ঢুকে একদল বাংলাদেশি নদী থেকে বালি-পাথর তুলছিলেন। বিএসএফের জওয়ানরা দেখতে পেয়েই তাঁদের বাধা দেন। ফিরে যেতে বলেন। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ, এরপরেই কয়েক জন বাংলাদেশি জড়ো হয়ে লাঠি ও পাথর নিয়ে বিএসএফের জওয়ানদের উপর হামলা চালায়। পরিস্থিতি সামাল দিতে এবং আত্মরক্ষায় বিএসএফের তরফে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। গ্রেনেডের শব্দে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই বাংলাদেশিরা। তবে এই ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা জানা যায়নি।
সীমান্তের শূন্যরেখা থেকে নির্দিষ্ট দূরত্বের মধ্যে বালি-পাথর উত্তোলন নিয়ে বিধিনিষেধ রয়েছে। তবে অভিযোগ, সেই বিধিনিষেধ উপেক্ষা করে মাঝেমধ্যেই ভারতীয় ভূখণ্ডে ঢুকে বালি-পাথর তুলে নিচ্ছে বাংলাদেশিরা। মাঝেমধ্যেই এই ধরনের ঘটনা ঘটছে বলে স্থানীয় সূত্রে খবর।
এর আগে চ্যাংড়াবান্ধা সীমান্তে ধরলা নদী থেকেও বাংলাদেশিদের বালি-পাথর উত্তোলনের অভিযোগ উঠেছিল। সেই সময়ও বিএসএফের তরফে বাধা দেওয়ার পর তাঁরা পিছু হটে বলে খবর। এই ঘটনার পরই দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। বিএসএফ ও বিজিবি মুখোমুখি বসে সীমান্ত সুরক্ষা নিয়ে আলোচনা করেছে। ইতিমধ্যেই সীমান্তে নিরাপত্তা আরও কঠোর করেছে বিএসএফ। তবে বিজিবি বা বাংলাদেশ সরকারের তরফে এখনও এই ঘটনায় কারা অভিযুক্ত, সে সম্পর্কে কোনও বিবৃতি দেওয়া হয়নি।