সুপ্রিম–নির্দেশের দশ দিন পরেও অধরা প্রশান্ত বর্মন, প্রশ্নে পুলিশ
প্রশান্তকে আত্মসমপর্ণ করতে অক্টোবরের গোড়ায় নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিতর্কিত ওই বিডিও। শীর্ষ আদালত তাঁর আবেদন খারিজ করে হাইকোর্টের নির্দেশ কার্যকরের নির্দেশ দেয়। শুনানিতে অভিযুক্তের ভূমিকার তীব্র সমালোচনা করে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, একজন ব্যক্তি গোটা ব্যবস্থাকে উপহাস করছেন। অভিযুক্তকে এতদিনেও গ্রেপ্তার করা গেল না কেন, তা নিয়ে রাজ্য ও পুলিশের ভূমিকাতেও প্রশ্ন ওঠে শীর্ষ আদালতে। আত্মসমর্পণ না করলে সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ রয়েছে হাইকোর্টের। কিন্তু তার পরেও পরিস্থিতির বদল হয়নি। প্রশান্তের খোঁজে গত দশ দিনে কী পদক্ষেপ করেছে পুলিশ, তা জানতে চাওয়া হলে বিধাননগর পুলিশ ও গোয়েন্দা বিভাগের তরফে স্পষ্ট কোনও জবাব মেলেনি। পুলিশের এক আধিকারিকের বরং দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশের পরে অভিযুক্ত নেপালে পালিয়ে গিয়েছেন। তাঁকে খুঁজতে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। কিন্তু নেপালে পালিয়ে যাওয়ার দাবির সপক্ষে কী তথ্য রয়েছে, তা স্পষ্ট হয়নি পুলিশের বক্তব্যে। অভিযুক্তের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনও তথ্যই তারা প্রকাশ্যে আনেনি।