সাত দিনে ১০০ হুমকি-ফোন, কুপ্রস্তাবও পেলেন অরণ্যর মা
শিল্পার বক্তব্য, ‘অ্যান্টি করাপশন বিভাগ থেকে ফোন করার নাম করে বলেছে, পুলিশ, সিআইডি কেউ কিছু করতে পারছে না, তাই তারা নাকি তদন্ত করবে। আবার কেউ বলছে, সিবিআই তদন্ত করবে। বার বার আমার কাছে ছেলের মৃত্যু কী ভাবে হয়েছে তা জানতে চাইছে। অরণ্যকে হারানোর যন্ত্রণাটাই কি ওরা আমাকে বার বার মনে করাতে চাইছে?’ পাশাপাশি যে দালালের মাধ্যমে নবাবহাটের নার্সিংহোমে তাঁরা গিয়েছিলেন, সেই দালাল কৌশিক দত্তর স্ত্রী মৌ দত্ত-ও তাঁকে ফোন করে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিয়েছেন বলে অভিযোগ শিল্পার। তিনি বলেন, ‘মৌ দত্ত ফোন করে বলছেন যে তাঁর স্বামীর কোনও দোষ নেই। বলছেন মামলা তুলে নিতে। আমি পুলিশের কাছে অনুরোধ করেছি এদের বিরুদ্ধেও যেন ব্যবস্থা নেওয়া হয়।’