Voter List Name: ভোটারের নাম 'রাম নে যাদব কো মারা’, বাবার নাম 'বি.কম', উত্তর প্রদেশে ভোটার তালিকা নিয়ে হইচই, কী ব্যাখ্যা মুখ্য নির্বাচনী আধিকারিকের? | ‘Ram Hit Yadav’ Becomes ‘Ram Ne Yadav Ko Maara’ in UP Voter List, Election Commission Seeks Explanation - 24 Ghanta Bangla News
Home

Voter List Name: ভোটারের নাম ‘রাম নে যাদব কো মারা’, বাবার নাম ‘বি.কম’, উত্তর প্রদেশে ভোটার তালিকা নিয়ে হইচই, কী ব্যাখ্যা মুখ্য নির্বাচনী আধিকারিকের? | ‘Ram Hit Yadav’ Becomes ‘Ram Ne Yadav Ko Maara’ in UP Voter List, Election Commission Seeks Explanation

Spread the love

লখনউ: একজনের নাম ‘রাম নে যাদব কো মারা’, কারও নাম আবার ‘রাম নে শর্মা কো মারা’, কোথাও লেখা ‘বি.কম’। অবাক হচ্ছেন? এর থেকেও বড় অদ্ভুত ঘটনা হল, এমন নমুনা পাওয়া গিয়েছে ভোটার লিস্টে। উত্তরপ্রদেশের বিধান পরিষদ নির্বাচনের ভোটার তালিকায় এমনই অদ্ভুত সব তথ্য সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও তোলপাড় পড়ে গিয়েছে। কেন এমন ভুল হল, তা জানতে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে ব্যাখ্যা চেয়েছে নির্বাচন কমিশন।

শুক্রবার,২৩ অক্টোবর উত্তরপ্রদেশে বিধান পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ হয়। তার আগে এলাহাবাদ স্নাতক কেন্দ্রের ভোটার তালিকা খতিয়ে দেখতে গিয়ে এই অসঙ্গতিগুলি সামনে আসে। ভোটার তালিকায় এমন অদ্ভুত নাম ও তথ্য কীভাবে জায়গা পেল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

কেন এমন ভুল ভোটার তালিকায়?

বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তাদের দাবি, উত্তরপ্রদেশে বিধান পরিষদ নির্বাচনের ভোটার তালিকায় নাম তোলার জন্য এই প্রথম অনলাইন ব্যবস্থা করা হয়েছিল। সেই প্রক্রিয়ায় সফটওয়্যারের ভুলের কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে দাবি তাঁদের। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বিবৃতিতে বলা হয়েছে, ভোটার তালিকায় মোট ১৪ লক্ষ ৮১ হাজার ৩১০টি এন্ট্রি রয়েছে। তার মধ্যে ১৫৮টি ক্ষেত্রে ভোটার বা তাঁদের আত্মীয়দের নাম অস্বাভাবিক বলে মনে হয়েছে। ইংরেজিতে টাইপ করা নাম হিন্দিতে অনুবাদ করার কথা ছিল সফটওয়্যারের। কিন্তু, কোনও প্রযুক্তিগত ত্রুটির কারণে কিছু ক্ষেত্রে নামের অর্থ বদলে গিয়েছে বলে মনে করা হচ্ছে।

উদাহরণ হিসেবে বিবৃতিতে বলা হয়েছে, ইংরেজিতে ‘Ramhit Yadav’-এর বদলে ‘Ram hit Yadav’ টাইপ করা হলে সফটওয়্যার সেটিকে হিন্দিতে অনুবাদ করে ‘রাম নে যাদব কো মারা’ করে দিয়েছে। ফলে নামের জায়গায় বাক্য তৈরি হয়েছে। যদিও এই ধরনের ভুল সংশোধনের ব্যবস্থা ছিল, কিন্তু যথাযথ সতর্কতার অভাবে কিছু ক্ষেত্রে তা থেকে গিয়েছে। অন্যদিকে, বাবার নামের জায়গায় ‘বি.কম’ লেখার ঘটনাকে মানবিক ভুল বা দায়িত্বে অবহেলা বলে উল্লেখ করা হয়েছে।

আধিকারিকদের কাছে ব্যাখ্যা তলব

ভোটার তালিকায় এই ধরনের ভুলের দায় কার, তা জানতে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে ব্যাখ্যা চেয়েছে নির্বাচন কমিশন। উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানিয়েছে, এই ভোটার তালিকার ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) হলেন সংশ্লিষ্ট ডিভিশনাল কমিশনার। আর সংশ্লিষ্ট জেলার জেলা আধিকারিক AERO হিসেবে দায়িত্বে রয়েছেন। ভোটার তালিকা যাতে ভুলত্রুটিমুক্ত থাকে, তা নিশ্চিত করার দায়িত্ব তাঁদেরই। সেই কারণেই তাঁদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। পাশাপাশি, এই ভুলের কারণে যাতে কোনও ভোটারকে সমস্যায় পড়তে না হয়, তা নিশ্চিত করতে জেলা আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *