Vaibhav Suryavanshi: ভোলবদল গম্ভীরের, একটি শর্ত পেয়েও ভারতীয় দলে সুযোগ পেলেন বৈভব সূর্যবংশী | Gautam Gambhir Finally Gives Chance to Vaibhav Suryavanshi As He Replaces Ishan Kishan in IND vs NZ 2nd T20I
কলকাতা: অবশেষে ভারতীয় দলে সুযোগ পেলেন বৈভব সূর্যবংশী। ১০৮ দিন পর জাতীয় দলে প্রত্যাবর্তন হল বৈভবের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে আজ দলে ফিরলেন বৈভব। বহুদিন ধরেই বৈভবকে সুযোগ দেননি দলের হেডস্যর গৌতম গম্ভীর। জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হওয়ার পর সেই সিরিজেই শেষবার খেলেছিলেন বৈভব। এরপর একরাশ অপেক্ষার পর আজ আবার জাতীয় দলে সুযোগ দেওয়া হল তাঁকে। চোটের কারণে দলে নেই ঈশান কিষান। তাঁর পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী। অন্যদিকে, ময়ঙ্ক যাদবের জায়গায় দলে এসেছেন প্রিন্স যাদব।
টসের সময় বৈভবকে খেলানোর কথা বলেন ক্যাপ্টেন শ্রেয়স। কিন্তু তিনি এও বলেন, যেহেতু সঞ্জু-অভিষেক এই মুহূর্তে ফর্মে আছেন, তাই তিনি ব্যাটিং কম্বিনেশনে কোনও পরিবর্তন করতে চাইছেন না। এর ফলে বৈভব খেললেও তাঁকে খেলতে হবে তিন নম্বরে। ফলে প্রথম উইকেট পড়ার পর ব্যাটে নামবেন এই তরুণ ব্যাটার। আজ টসে জিতে ফিল্ডিং নিয়েছে ভারত। এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে শ্রেয়স জানান,“শিশির পড়ার সম্ভাবনার জন্যই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে সবাই নিজেদের জায়গায় তৈরি আছে। আমরা এই মুহূর্তে ভাল জায়গায় রয়েছি। আক্রমণাত্মক মানসিকতা বজায় রেখেই আমরা এগোব।” জুলাই মাসে ওই ইংল্যান্ড সিরিজে খেলার পরেও জাতীয় দলের হয়ে এশিয়ান গেমসে খেলেছেন তিনি। কিন্তু এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁকে দলে নেওয়া হলেও খেলানো হয়নি। কিন্তু এবার দলে নেওয়া হল এই ১৫ বছরের ব্যাটারকে।
উল্টোদিকে, বদল করেছে নিউজিল্যান্ডও। অভিজ্ঞ পেসার অ্যাডাম মিলনের বদলে দলে সুযোগ পেয়েছেন জেকব ডাফি। অধিনায়ক স্যান্টনার জানিয়েছেন, দলের রোটেশন নীতির অংশ হিসেবেই এই বদল ঘটিয়েছে ম্যানেজমেন্ট। এর সঙ্গে মিলনের পারফরম্যান্সের কোনও সম্পর্ক নেই। পরপর ম্যাচ থাকায় ক্রিকেটারদের শারীরিক ও মানসিকভাবে সতেজ রাখার কথাও ভেবেছে ম্যানেজমেন্ট। এবং স্যান্টনার জানান, আগামী দিনে টি-টোয়েন্টির পাশাপাশি একদিনের অনেক ম্যাচও আছে। সামনে টেস্ট ক্রিকেটের ব্যস্ত সূচি থাকার ফলে সিনিয়র ক্রিকেটারদের মধ্যে নিয়মিত রোটেশন দরকার।