Amitabh Bachchan: অমিতাভের বাংলোকে উড়িয়ে দেওয়ার হুমকি! এবার অমিতাভ লিখলেন… | Amitabh bachchan jalsa bomb threat health update post
একদিকে খাস মুম্বইয়ে শাহেনশার সাধের বাংলো জলসা উড়িয়ে দেওয়ার হুমকি, অন্যদিকে খোদ অমিতাভ বচ্চনের শারীরিক পরিস্থিতি নিয়ে রহস্যময় পোস্ট— সব মিলিয়ে বৃহস্পতিবার ও শুক্রবার জুড়ে বলিপাড়ায় ও অনুরাগীদের মহলে চরম চাঞ্চল্য ছড়িয়েছে। প্রবীণ অভিনেতার পরপর দুটি সোশ্যাল মিডিয়া পোস্ট এবং প্রশাসনের হাই অ্যালার্ট জারির ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
শুক্রবার সকালে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (BMC) দপ্তরে একটি বেনামী ইমেল আসে। ওই ইমেলেই অমিতাভ বচ্চনের বিখ্যাত বাংলো ‘জলসা’-য় বোমা বা গ্রেনেড হামলার হুমকি দেওয়া হয়। শুধু বিগ বির বাসভবনই নয়, একই ইমেলে জনপ্রিয় গায়ক দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট এবং মুম্বইয়ের বেশ কয়েকটি স্কুলেও নাশকতার হুমকি রয়েছে বলে জানা গিয়েছে। এই চাঞ্চল্যকর ইমেল পাওয়ার পরই নড়েচড়ে বসে মুম্বই পুলিশ। তড়িঘড়ি গোটা মুম্বইজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং তল্লাশি অভিযান শুরু করেছে প্রশাসন।
এমন চরম উত্তেজনার আবহেই শুক্রবার সন্ধে নাগাদ নিজের স্বাস্থ্য নিয়ে মুখ খোলেন অমিতাভ বচ্চন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “আমার আরও বিশ্রামের প্রয়োজন। নিজেকে মানিয়ে নিচ্ছি। মানবশরীর আমাকে যেমন ভাবাচ্ছে, তেমনই আরও অবাক করাচ্ছে।”
এর আগে গত বুধবার রাতেও একটি পোস্টে অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে অমিতাভ লিখেছিলেন, দ্রুত সুস্থ হয়ে ওঠার স্বার্থে তাঁকে চিকিৎসকরা কড়া বিশ্রামে থাকতে বলেছেন। তাই আপাতত তিনি সোশ্যাল মিডিয়ায় আগের মতো লিখতে পারছেন না। এই বয়সেও যিনি নিয়মিত ব্লগ ও টুইট করে ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন, তাঁর এহেন বিরতিতে স্বভাবতই চিন্তার মেঘ জমেছে।
চলতি মাসের গোড়ার দিকেই খবর রটেছিল যে, জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (KBC)-র সেটে পা পিছলে পড়ে গিয়ে হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন প্রবীণ অভিনেতা। চিকিৎসকদের অনুমান, সেই পুরনো চোটের জেরেই হয়তো তাঁকে এই বাধ্যতামূলক বিশ্রামে থাকতে হচ্ছে। যদিও চিকিৎসকের ‘বিশ্রামের নিদান’-এর আসল কারণ বা নেপথ্যের রহস্য এখনও খোদ অমিতাভ খোলসা করেননি। জোড়া এই ধাক্কায় বচ্চন পরিবার ও ভক্তদের উৎকণ্ঠা এখন তুঙ্গে।