২০২৯ সালে মুড়িগঙ্গা সেতুর উদ্বোধন হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর, কাকদ্বীপকে আলাদা জেলা করারও আশ্বাস
দক্ষিণ ২৪ পরগনা জেলাকে বদলে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। তাঁর কথায়, ‘এই জেলাকে বদলে দেব। সুন্দরবনকে মডেল হিসেবে গড়ে তোলা হবে। ২ বছর সময় লাগলেও কাকদ্বীপকে আলাদা জেলা করা হবে।’ সুন্দরবনের উন্নয়ন নিয়ে আশ্বাস দিয়েও মুখ্যমন্ত্রী বলেন, ‘অবহেলিত সুন্দরবনে ব্যাপক উন্নয়ন করতে চাই। বিগত সরকার গত অর্থবর্ষে যা বরাদ্দ করেছিল, তার সামান্য খরচ করেছিল। কিন্তু তারও বেশির ভাগ চুরি হয়ে গিয়েছে। আমরা আগামী কয়েক মাসে ব্যাপক উন্নয়ন করব। পর্যটনের উপরেও বিশেষ জোর দেওয়া হচ্ছে।’ এর আগে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলা, সুন্দরবনের নদীবাঁধ নিয়েও আলোচনা করেন।
ফের একবার এই জেলায় নাবালিকা বিয়ে রোধে সকলকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে কোনও জেহাদি, জঙ্গি, কোনও ‘আরশোলা’ যাতে দেশের ক্ষতি না করতে পারে, সেই দিকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেন। গঙ্গাসাগর মেলার উদ্বোধন করতে ফের ১০ জানুয়ারি তিনি আসবেন বলে জানান। মুখ্যমন্ত্রী আরও জানান, নতুন করে এই জেলায় ৪,৮১,২৪২টি বাড়ি তৈরি হবে। কোনও কাঁচাবাড়ি থাকবে না। আগের সরকার বাড়ি তৈরির নামে টাকা লুট করেছে। গোয়ালঘর দেখিয়ে বাড়ি নিয়েছে।