NCPI Controversy: সুদীপ-সায়নীর মুখে কালি! পোস্টারই অস্বীকার করল NCPI, কী হচ্ছে কুণাল ঘোষের বিধানসভায়? | Black Colour put on Sudip Banerjee Saayoni Ghosh’s Face in NCPI Poster at Beleghata, NCPI Claims they Didn’t put Poster
এনসিপিআই সাংসদদের মুখে কে কালি লাগাচ্ছে?Image Credit: TV9 বাংলা
কলকাতা: একে এখনও ভাগ্য নির্ধারণ হয়নি। তার উপরে আবার মুখে পড়ল কালি। এনসিপিআই সাংসদদের নিয়ে বিতর্ক-জলঘোলা শেষই হচ্ছে না। বেলেঘাটায় সুদীপ-সায়নীর ছবিতে কালি। এনসিপিআই’র ব্যানার নিয়ে আবার নয়া বিতর্ক। যদিও এই ব্যানার তাঁদের নয়, তা জানিয়ে দিল কাকলি-সুদীপদের নয়া দল।
কিছুদিন আগেই এনসিপিআই-র পোস্টার নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। তখন সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে ওই পোস্টার তাঁরা দেননি। তার মধ্যেই এবার এনসিপিআই উত্তর কলকাতার তরফে দেওয়া হোর্ডিংয়ে লাগিয়ে দেওয়া হল কালি।
ওই বড় হোর্ডিংয়ে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের মুখের উপরে কালি লাগিয়ে দেওয়া হয়েছে।
সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবিতে আগে কালি মাখানো হলেও, এদিন বেলেঘাটায় এসে দেখা যায় সুদীপের পাশাপাশি সায়নী ঘোষের ছবিতেও কালি লাগানো। এলাকা সূত্রে খবর, সায়নী ঘোষের ছবিতে সদ্য কালি মাখানো হয়েছে।
ইতিমধ্যেই মমতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ এই বিষয়ে সমাজমাধ্যমে পোস্ট করে নতুন করে বিতর্ক তৈরি করেছেন। কিন্তু কারা এই ব্যানারে কালি লাগিয়েছে সেটাই এখন খোঁজ করে দেখা হচ্ছে।
তবে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে অন্যভাবেও। এনসিপিআই উত্তর কলকাতার তরফে যে ব্যানার দেওয়া হচ্ছে, তা যে তাঁদের তরফে দেওয়া হয়নি বলেই এনসিপিআই-এর তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল। এমনকী, এনসিপিআই উত্তর কলকাতা নামক কোনও ইউনিট দলের সংগঠনের নেই বলেও জানিয়ে দেওয়া হয়েছে বিবৃতিতে।
তাহলে এই ধরনের ব্যানার কারা দিচ্ছে, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। বেলেঘাটা জুড়েই ব্যানার লাগানো হচ্ছে। তার উপরে আবার কালি লাগানো হচ্ছে। এর পিছনে কার হাত, সেটাই এখন খতিয়ে দেখার বিষয়। নজর রয়েছে রাজনৈতিক মহলেরও।