রাইহান বঢ়ড়া প্রদর্শনীতে সেন্সরশিপ! বিকানের হাউসে ৭৫টি ছবি সরানোর নির্দেশ নিয়ে বিতর্ক - 24 Ghanta Bangla News
Home

রাইহান বঢ়ড়া প্রদর্শনীতে সেন্সরশিপ! বিকানের হাউসে ৭৫টি ছবি সরানোর নির্দেশ নিয়ে বিতর্ক

Spread the love

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢ়ড়া ও রবার্ট বঢ়ড়ার পুত্র এবং বিশিষ্ট শিল্পী ও চিত্রগ্রাহক রাইহান ভাদ্রার (Raihan Vadra) একক প্রদর্শনীকে ঘিরে দিল্লিতে তীব্র রাজনৈতিক ও…

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢ়ড়া ও রবার্ট বঢ়ড়ার পুত্র এবং বিশিষ্ট শিল্পী ও চিত্রগ্রাহক রাইহান ভাদ্রার (Raihan Vadra) একক প্রদর্শনীকে ঘিরে দিল্লিতে তীব্র রাজনৈতিক ও সাংস্কৃতিক বিতর্ক দানা বেঁধেছে। বিকানের হাউস (Bikaner House) কর্তৃপক্ষ তাঁর প্রদর্শনীর ঠিক আগে দিল্লি আন্দোলনের বিভিন্ন মুহূর্তের ৭৪টি ছবি সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। শিল্পীর স্বাধীনতা খর্ব করার অভিযোগ তুলে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন রাইহান।

‘নো আইডিয়া ইজ ফাইনাল’ (No Idea is Final) শীর্ষক এই প্রদর্শনীতে গত তিন বছরের ছবি ও শিল্পকর্ম তুলে ধরেছেন রাইহান। এর মধ্যে স্ট্রিট ফটোগ্রাফি, যুব আন্দোলনের বিভিন্ন ছবি এবং দিল্লির সাম্প্রতিক প্রতিবাদের বেশ কিছু চিত্র অন্তর্ভুক্ত রয়েছে। মোট শতাধিক ছবি ও শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনী হওয়ার কথা ছিল।

রাইহানের অভিযোগ

গত ১৫ অক্টোবর তিনি বিকানের হাউস কর্তৃপক্ষের কাছে প্রদর্শনীর সম্পূর্ণ লেআউট বা নকশা জমা দেন এবং তা অনুমোদিতও হয়েছিল। কিন্তু প্রদর্শনী উদ্বোধনের মাত্র কয়েক ঘণ্টা আগে, অর্থাৎ গত ২০ অক্টোবর তাঁকে জানানো হয় যে কিছু ছবি তাদের বুকিং নীতির পরিপন্থী হতে পারে।

২১ অক্টোবর দুপুর ২টার দিকে প্রশাসন সাফ জানিয়ে দেয় যে ছবিগুলি সরিয়ে নিতে হবে। প্রধান আবাসিক কমিশনারের যুক্তি ছিল, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই ছবিগুলির সময় এবং প্রসঙ্গ অত্যন্ত স্পর্শকাতর, যা প্রতিষ্ঠানের নীতির সঙ্গে সাংঘর্ষিক।

প্রশাসনের পক্ষ থেকে হুমকি দেওয়া হয় যে বিকেল ৪টার মধ্যে ছবিগুলি না সরালে প্রদর্শনী বাতিল করে ভবন সিল করে দেওয়া হবে। প্রথমে ফ্রেমগুলি ঘুরিয়ে পিছন দিকটা দর্শকদের দিকে করে দেওয়া হলেও, কর্তৃপক্ষের কঠোর নির্দেশে শেষ পর্যন্ত ছবিগুলি সম্পূর্ণ নামিয়ে স্টোরেজে রেখে দিতে বাধ্য হন আয়োজকরা।

শিল্পীর ক্ষোভ ও প্রতিবাদ

এর আগে ২০২১ সাল থেকে নিয়মিত বিকানের হাউসে নিজের প্রদর্শনী করে আসছেন রাইহান। এই প্রতিষ্ঠানকে তিনি সর্বদা শিল্পীদের মতপ্রকাশের স্বাধীন একটি মুক্ত জায়গা হিসেবেই জানতেন। কিন্তু কোনো সুনির্দিষ্ট ও লিখিত কারণ না দেখিয়ে হঠাৎ করে একসঙ্গে ৭৫টি ছবি সরিয়ে নেওয়ার এই সিদ্ধান্তকে তিনি অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। তাঁর মতে, কোনো ছবি কারও ‘আপত্তিকর’ মনে হতে পারে এই অজুহাতে নির্বিচারে শিল্পকর্ম সেন্সর করা হলে কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠান নিজেদের মুক্তমনা বলে দাবি করতে পারে না।

বর্তমানে ওই ছবিগুলি ছাড়া প্রদর্শনীর বাকি অংশ চালু রয়েছে এবং আগামী রবিবার পর্যন্ত তা চলবে। তবে এই ছবিগুলি প্রদর্শনের জন্য তিনি দিল্লির অন্য কোনো বিকল্প ভেন্যু খুঁজছেন। পাশাপাশি আগামী ডিসেম্বর মাসে ব্যাঙ্গালোরেও এই প্রদর্শনীটি নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। ছবিগুলি সরিয়ে নেওয়ায় বিকানের হাউসের সিসিএ (CCA) বিল্ডিংয়ের প্রথম তলের দুটি ঘর ফাঁকা হয়ে রয়েছে, যেখানে প্রতিবাদস্বরূপ সংবিধানের প্রস্তাবনার অনুলিপি টাঙিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে বিকানের হাউস কর্তৃপক্ষের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

প্রিয়াঙ্কা গান্ধীর প্রতিক্রিয়া

পুত্রের এই প্রদর্শনীতে সেন্সরশিপ জারির তীব্র প্রতিবাদ জানিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই পদক্ষেপকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন এবং সতর্ক করে বলেছেন যে আজ তাঁর ছেলের সঙ্গে যা হয়েছে, আগামী দিনে অন্য কোনো শিল্পীর ক্ষেত্রেও একই ধরনের কোপ পড়তে পারে।

এক্স (পূর্বে টুইটার)-এ ছেলের প্রতি সমর্থন জানিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন, “ক্ষমতায় থাকা কেউ যখন অন্যের মতপ্রকাশকে ভয় পেতে শুরু করেন, তখন তিনি হয়তো তা বোঝেন না, কিন্তু যে ক্ষমতাকে তিনি রক্ষা করতে চাইছেন, আদতে তিনি তা আগেই হারিয়ে ফেলেছেন।” রাইহানের উদ্দেশ্যে তিনি আরও লেখেন, “তুমি সত্যের পক্ষে দাঁড়াও, সমস্ত সুন্দর জিনিস ঠিক নিজের পথ খুঁজে নেবে। আমি তোমার জন্য গর্বিত, সবসময় থাকব।”

এক সপ্তাহ পর মুক্তি! আদালতের নির্দেশে জেল থেকে বেরোচ্ছেন ককরোচ নেতারা

মোদী রাজত্বে ভারতে নয়! গোপন রেকর্ডিংয়ে জাকিরের কথোপকথন ফাঁস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *