‘অনুপ্রবেশকারীদের ভোট রক্ষা করতেই...’, সিইসি বিরোধিতায় রাহুলকে তীব্র আক্রমণ অমিত শাহের - 24 Ghanta Bangla News
Home

‘অনুপ্রবেশকারীদের ভোট রক্ষা করতেই…’, সিইসি বিরোধিতায় রাহুলকে তীব্র আক্রমণ অমিত শাহের

Spread the love

নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদচ্যুত করার দাবিতে বিরোধীদের বিক্ষোভ এবং ‘ভোট চোরি’র অভিযোগে রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।…

নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদচ্যুত করার দাবিতে বিরোধীদের বিক্ষোভ এবং ‘ভোট চোরি’র অভিযোগে রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার নিজের জন্মদিনে দিল্লিতে যমুনা নদী পরিচ্ছন্নকরণ সংক্রান্ত ৮,৯৪১ কোটি টাকার একাধিক প্রকল্পের সূচনায় বক্তব্য রাখতে গিয়ে লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে সুর চড়ান তিনি। শাহের স্পষ্ট দাবি, কংগ্রেসের ধারাবাহিক নির্বাচনী পরাজয় থেকে নজর ঘোরাতেই এই ভিত্তিহীন অভিযোগ তুলছেন রাহুল।

নির্বাচনী তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইণ্ডিয়া (INDIA) জোটের সরব হওয়া প্রসঙ্গে তীব্র আপত্তি জানান অমিত শাহ। শাহ বলেন, “রাহুলজি, আপনারা বারবার ভোট চুরির কথা বলেন কারণ আপনারা আসলে অনুপ্রবেশকারীদের ভোট রক্ষা করতে চান।”

কংগ্রেসের দীর্ঘমেয়াদি রাজনৈতিক ব্যর্থতা নিয়ে বলতে গিয়ে শাহ আরও বলেন, “কংগ্রেস ও তাদের শরিকরা বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তোলে, অথচ বহু রাজ্যেই তারা দশকের পর দশক ধরে ক্ষমতার বাইরে রয়েছে। যখন আমি বলি যে বিজেপি আগামী ৩০ বছর ক্ষমতায় থাকবে, তখন তারা আমাদের ভোট চোর বলে। তারা জানতে চায় অমিত শাহ কীভাবে আগে থেকেই নির্বাচনী ফলাফলের কথা জেনে যান। আমি এই দেশেই জন্মেছি, এখানেই থাকি এবং এখানেই মারা যাব। প্রতি ছয় মাসে আমার তো বিদেশ ভ্রমণ করতে হয় না। আমি এই দেশের মানুষের সঙ্গেই বসবাস করি।”

দ্বিমুখী নীতি ও আন্দোলনের রাজনীতি নিয়ে কটাক্ষ

আদালতের রায় এবং জনরায়কে সম্মান জানানোর প্রসঙ্গ টেনে কংগ্রেস নেতার বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর কথায়, “আদালতের রায় আপনাদের অনুকূলে গেলে আপনারা সেগুলিকে ন্যায্য বলেন, আর যখন রায় আপনাদের বিরুদ্ধে যায়, তখন আপনারা প্রশ্ন তোলেন। এই দ্বিমুখী নীতি চলবে না, রাহুলজি। রাজনৈতিক কারসাজি বা ভিড়ের চাপ তৈরি করে জনগণের রায়কে উল্টে দেওয়া যায় না। নির্বাচন জেতা মানে ধর্না বা বিক্ষোভের রাজনীতি করা নয়।”

উল্লেখ্য, ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধী জোটের সোচ্চার হওয়ার পর থেকেই রাজনৈতিক পারদ চড়েছে। নির্বাচন কমিশন সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে যে এই সংশোধন প্রক্রিয়া সম্পূর্ণ আইনসম্মত।

 

ইনস্টাগ্রামে ইন্দিরা-বধূ! প্রকাশ্যে আত্মজীবনী ‘বিলিঙ্গ: আ জার্নি অফ লাভ’-এর প্রথম ঝলক

প্রতিরোধমূলক আটক-দমনপীড়নের বিরুদ্ধে সরব অন্নমালাই, কেন্দ্রকে তোপ প্রাক্তন বিজেপি নেতার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *