টাইগারকে লক্ষ্য করে গুলি, অভিনেতার ভিডিয়ো করতে গিয়ে জখম কনটেন্ট ক্রিয়েটর - 24 Ghanta Bangla News
Home

টাইগারকে লক্ষ্য করে গুলি, অভিনেতার ভিডিয়ো করতে গিয়ে জখম কনটেন্ট ক্রিয়েটর

Spread the love

সংসার চালাতে দীর্ঘ ১৮ বছর ধরে মুম্বইয়ের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ডিটারজেন্ট বিক্রি করেছেন উমেশ কুমার চৌহান। সেই কাজের পাশাপাশি গত দেড় বছর ধরে মনের মধ্যে লালন করছিলেন আরও একটি স্বপ্ন। বলিউডের তারকাদের ভিডিয়ো তৈরি করে সোশ্যাল মিডিয়ায় নিজের পরিচিতি তৈরি করা। তারকাদের বাড়ির সামনে অনুরাগীদের ভিড়, তাঁদের সঙ্গে সাক্ষাৎ এবং জনপ্রিয় অভিনেতাদের নানা মুহূর্ত ক্যামেরাবন্দি করেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়ার চেষ্টা করছিলেন ৩৫ বছরের উমেশ। কিন্তু সেই স্বপ্নের পথে এমন এক বিপর্যয় নেমে আসবে, তা কল্পনাও করতে পারেননি তিনি। অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে চালানো গুলিতে আহত হলেন উমেশ নিজেই।

রবিবার, ১৮ অক্টোবর, বলিউড অভিনেতা টাইগার শ্রফের আসার খবর পেয়ে তাঁকে ক্যামেরাবন্দি করতে বন্ধু কিষাণ রাজভরের সঙ্গে মুম্বইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকা পৌঁছেছিলেন উমেশ। তাঁদের উদ্দেশ্য ছিল, অনুরাগীদের সঙ্গে টাইগারের কথাবার্তা এবং মাঠ থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্তের ভিডিয়ো তৈরি করা। কিন্তু অভিনেতা যখন গাড়িতে উঠে ফিরছিলেন, ঠিক সেই সময়ই আচমকা গুলির শব্দে কেঁপে ওঠে এলাকা।

পরপর গুলির শব্দ শোনা যায়। প্রথমে বাজি ফাটার আওয়াজ বলে মনে হয়েছিল উমেশের। কিষাণের কথায়, গুলির শব্দ শোনার কিছুক্ষণ পরে তাঁরা বুঝতে পারেন টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। সেই বিশৃঙ্খলার মাঝে কী ভাবে উমেশ গুলিবিদ্ধ হলেন, তা নিয়ে তদন্ত চলছে।

তড়িঘড়ি উমেশকে মুম্বইয়ের কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে পারেলের কে ই এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবারও তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। হাসপাতাল সূত্রে খবর, উমেশের যকৃতে গুলির আঘাত লেগেছে। তবে তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে কোনও ক্ষতি হয়নি। রক্তক্ষরণও নতুন করে হয়নি বলে জানা যায়। আপাতত অস্ত্রোপচারেপ দরকার নেই বলে সিদ্ধান্ত নিয়েছেন না চিকিৎসকেরা। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *