Mitali Bag: 'তিনদিন দেহটা এসেছে, কীভাবে সাহায্য করেছেন? আপনি তো সাংসদ', নিজের এলাকাতেই বিক্ষোভের মুখে মিতালি বাগ | Arambagh MP Mitali Bag Faces 'Go Back' Protest While Visiting Family of Three Chorbagan Stampede Victims - 24 Ghanta Bangla News
Home

Mitali Bag: ‘তিনদিন দেহটা এসেছে, কীভাবে সাহায্য করেছেন? আপনি তো সাংসদ’, নিজের এলাকাতেই বিক্ষোভের মুখে মিতালি বাগ | Arambagh MP Mitali Bag Faces ‘Go Back’ Protest While Visiting Family of Three Chorbagan Stampede Victims

Spread the love

বিক্ষোভের মুখে মিতালি বাগImage Credit: Tv9 Bangla

আরামবাগ: নিজের লোকসভা কেন্দ্রেই প্রবল বিক্ষোভের মুখে পড়লেন সাংসদ মিতালি বাগ (Mitali Bag)। চোরবাগান বিপর্যয়ে (Chorbagan Incident) একই পরিবারের তিন সদস্যের মৃত্যুতে শোকস্তব্ধ আরামবাগের বালিয়া গ্রাম। সেই শোকাহত পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েই গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদ। তাঁর গাড়ি ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। বিক্ষোভকারীদের প্রশ্ন, এতদিন কোথায় ছিলেন সাংসদ? কেন আগে পরিবারের পাশে দাঁড়াননি?

সাংসদের গাড়ি ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান

সপ্তমীর রাতে চোরবাগানে বিপর্যয়ের ঘটনায় বেঘোরে প্রাণ গিয়েছে ১৯ জনের। তাঁদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছে। তাঁদের বাড়ি আরামবাগের মলয়পুরের বালিয়া গ্রামে। একসঙ্গে পরিবারের তিন সদস্যকে হারিয়ে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ পরিজনরা। সেই পরিবারের সঙ্গে দেখা করতে এদিন বালিয়া গ্রামে যান আরামবাগের সাংসদ মিতালি বাগ। স্থানীয় সূত্রে খবর, শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে ফেরার সময়ই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সাংসদকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীর একাংশ। তাঁর গাড়ি আটকে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। অভিযোগ, গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেলও ছোড়া হয়।

বিক্ষোভের মুখে সাংসদ

বিক্ষোভকারীদের মূল অভিযোগ, ভোটে জেতার পর থেকে এলাকায় সাংসদকে সেভাবে দেখা যায়নি। অভিযোগ, চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনার দুই দিন পেরিয়ে গিয়েছে। এলাকার সাংসদ হয়েও কেন এত দেরিতে এলেন, সেই প্রশ্ন তোলেন তাঁরা। দুর্ঘটনার পর শোকাহত পরিবারের জন্য কী করেছেন সাংসদ, তা নিয়েও জবাবদিহি চান গ্রামবাসীরা।

বিক্ষোভ চলাকালীন এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “আপনি কি প্রতিশ্রুতি দিয়েছেন? কী মানবিকতা দেখিয়েছেন? আজ তিনদিন দেহটা এসেছে, আপনি কীভাবে সাহায্য করেছেন? আপনি তো সাংসদ।” একই সঙ্গে বিক্ষোভকারীদের প্রশ্ন, এত বড় দুর্ঘটনার পর কেন আগে পরিবারের খোঁজ নেওয়া হল না? সাংসদ হিসাবে তাঁর দায়িত্ব কী ছিল? একের পর এক প্রশ্নে সাংসদকে ঘিরে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা।

মুখ্যমন্ত্রীর সফরের আগেই গ্রামে সাংসদ

গ্রামবাসীদের দাবি, আগামীকাল চোরবাগান বিপর্যয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে বালিয়া গ্রামে আসার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তার আগেই কালো কাচে ঢাকা গাড়িতে চেপে গ্রামে পৌঁছন সাংসদ মিতালি বাগ। তাঁর আসার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়দের একাংশ। সাংসদের গাড়ি ঘিরে বিক্ষোভ চলতে থাকে। পরে রাস্তা ফাঁকা হতেই দ্রুত এলাকা ছেড়ে বেরিয়ে যায় তাঁর গাড়ি। এই বিষয়ে মিতালি বাগের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *