সাতের দশকের খ্যাপাটে বাঘ শিকারি অক্ষয়, প্রিয়দর্শনের ৯৯তম ছবিতে ফের সেই আইকনিক জুটি
একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, চলতি বছর অর্থাৎ ২০২৬-এর নভেম্বরের শেষে ছবিটির শুটিং ফ্লোরে যাওয়ার কথা রয়েছে। প্রায় তিন মাস ধরে চলবে এই নতুন ছবির শুটিং পর্ব। রাজস্থানের বন্যপ্রাণী অভয়ারণ্য, ভোপালের বিভিন্ন আউটডোর লোকেশন এবং মুম্বইয়ের সুবিশাল সেটে ছবির অধিকাংশ দৃশ্যায়ন করা হবে। ছবিটিতে অক্ষয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ দুই কমেডি চরিত্রে অভিনয় করবেন দুই জাঁদরেল অভিনেতা অন্নু কাপুর এবং রাজপাল যাদব। তবে ছবির মূল নারী চরিত্রের জন্য কাস্টিং এখনও চূড়ান্ত হয়নি। প্রিয়দর্শনের সঙ্গে যৌথ ভাবে এই ছবির চিত্রনাট্য লিখেছেন রোহন শঙ্কর, যিনি এর আগে ‘ভূত বাংলা’ ছবির চিত্রনাট্য লিখেছিলেন।