বৃষ্টির মধ্যে চোরবাগান পুজো মণ্ডপে হুড়োহুড়ি, বাড়ি ফেরা হলো না ছোট্ট সন্দীপের, প্রাণ গেল মা ও মামিমার
মা টগর বেইজ ও দিদি আগমনী বেইজের সঙ্গে হুগলির বালিয়ায় মামার বাড়ি গিয়েছিল পূর্ব বর্ধমানের মাধবডিহির বীরপুর গ্রামের অষ্টম শ্রেণির ছাত্র সন্দীপ বেইজ। তার বয়স ১৪। বৃহস্পতিবার তাঁরা মামার বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিল। সেখান থেকে কলকাতার বিখ্যাত পুজো প্যান্ডেলগুলিতে ঠাকুর দেখে রবিবার বাড়ি ফেরার কথা ছিল সন্দীপদের। কিন্তু তার মধ্যেই ঘটে গেল চোরবাগান সর্বজনীনের এই পদপৃষ্ট হওয়ার মর্মান্তিক ঘটনা। সপ্তমীতে পরিবারের কাছে এল তাদের মৃত্যুসংবাদ। আর বাড়ি ফেরা হলো না ছোট সন্দীপের।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় সন্দীপ, তার মা, দিদি ও হুগলি জেলার বালিয়া গ্রামের বাসিন্দা সন্দীপের মামিমা পিয়ালী প্রামাণিক-সহ ৯ জন মিলে প্রতিমা দর্শনে বেরিয়েছিলেন। ঘুরতে ঘুরতে চোরবাগানের পুজো মণ্ডপে পৌঁছয়।
মণ্ডপে ঢোকার পরেই হঠাৎ প্রচণ্ড ঠেলাঠেলি শুরু হয় বলে অভিযোগ। বৃষ্টি থেকে বাঁচতে একসঙ্গে প্রচুর দর্শনার্থী দলে দলে মণ্ডপে ঢুকে পড়ে। মণ্ডপের ভিতরে যাঁরা ছিলেন, তাঁরাও বাইরে বেরোচ্ছিলেন না। ফলে একটা সময়ে পরে ভিড়ের চাপে বাঁধ ভেঙে যায়। তাতেই পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় সন্দীপ, তার মা ও মামিমার। তবে সন্দীপের দিদি আগমনী সুস্থ রয়েছে ।