Kolkata Illegal Arms Factory: কলকাতায় বেআইনি অস্ত্র কারখানার হদিস, এত অস্ত্র কেন তৈরি করা হচ্ছিল? | Illegal arms manufacturing unit busted in Kolkata by STF - 24 Ghanta Bangla News
Home

Kolkata Illegal Arms Factory: কলকাতায় বেআইনি অস্ত্র কারখানার হদিস, এত অস্ত্র কেন তৈরি করা হচ্ছিল? | Illegal arms manufacturing unit busted in Kolkata by STF

Spread the love

কলকাতা: বাংলায় পুজোর আমেজ। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে পুজো উপভোগ করতে পারে, তার জন্য সবসময় সচেষ্ট থাকে পুলিশ। আর এসবের মাঝেও দুষ্কর্ম আটকাতে সজাগ থাকতে হয় তাদের। সজাগ থাকে বেঙ্গল স্পেশাল টাস্ক ফোর্স (STF)-ও। এই পুজোর গন্ধের মধ্যেই কলকাতায় ‘বারুদের গন্ধ’ পেয়ে অভিযানে নেমে সাফল্য পেল বেঙ্গল এসটিএফ। কলকাতার নাদিয়াল থানার আয়ুবনগরের একটি বাড়িতে অভিযান চালিয়ে বেঙ্গল এসটিএফ- র গোয়েন্দারা একটি বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিস পেলেন। তল্লাশি অভিযানে উদ্ধার হয় একাধিক আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম। তবে অভিযুক্ত পালিয়ে যায়। নাদিয়াল থানায় অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা দায়ের করেছে STF।

গতকাল গোপন সূত্রে খবর পেয়ে আয়ুবনগরের ওই বাড়িতে অভিযান চালায় এসটিএফ। অভিযান চালিয়ে গোয়েন্দারা উদ্ধার করেন দুটি ৭ এমএম আগ্নেয়াস্ত্র, দুটি দেশি আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ক্যালিবারের অব্যবহৃত কার্তুজ, ব্যবহৃত কার্তুজ এবং অস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম। উদ্ধার হওয়া সামগ্রী থেকে ওই বাড়িতে বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র তৈরির কাজ চলত বলে অনুমান করা হচ্ছে।

তবে অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। যদিও তার পরিচয় জানতে পেরেছেন তদন্তকারীরা। এই ঘটনায় নাদিয়াল থানায় অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পলাতক অভিযুক্তকে গ্রেফতার করার চেষ্টা চলছে। পাশাপাশি, এই বেআইনি অস্ত্র তৈরির কারখানার সঙ্গে আর কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছেন আধিকারিকরা।

কয়েকমাস আগেই রাজ্যে পালাবদল হয়েছে। আবার নভেম্বরের শেষে কলকাতা পৌরনিগমের নির্বাচন রয়েছে। এই পরিস্থিতিতে খোদ কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানা নিয়ে প্রশ্ন উঠছে। এই সব অস্ত্র কেন তৈরি করা হচ্ছিল? এইসব অস্ত্র কাদের কাছে পৌঁছানোর কথা ছিল? প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা। এখন দেখার, তদন্তে কোনও বিস্ফোরক তথ্য উঠে আসে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *