মগরার সরকার বাড়ির পুজোয় মায়ের সামনে বলি দেওয়া হয় ক্ষীরের পাঁঠা
এই পুজোয় দেবীর উদ্দেশ্যে নিবেদন করা হয় ১০৮টি পদ্মফুল ও ১০৮টি প্রদীপ। পাশাপাশি, পারিবারিক রীতি অনুযায়ী ক্ষীর দিয়ে তৈরি প্রতীকী মাছ নিবেদন করা হয়। অন্য দিকে, সপ্তমীর গভীর রাতে তিথি অনুসারে অনুষ্ঠিত হয় অর্ধরাত্রি পুজো। এই বিশেষ আরাধনাও সম্পন্ন হয় নির্দিষ্ট দুর্গাধ্যান মন্ত্র অনুসারে। গভীর রাতে দেবীর আরাধনার এই রীতি এই পারিবারিক পুজোর একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য। নবমীতেও রয়েছে একটি বিশেষ আচার। এখানে প্রচলিত প্রাণীবলির পরিবর্তে প্রতীকী নিবেদনের মাধ্যমে বলি সম্পন্ন করা হয়। এই বিশেষ নিবেদনে থাকে কলা, কচি কুমড়ো, শসা, ক্ষীর দিয়ে তৈরি প্রতীকী পাঁঠা ও প্রতীকী মাছ। দশমীর দিনও পুজোর রয়েছে নিজস্ব কিছু বিশেষ রীতি। বরণ সম্পন্ন হওয়ার পরে দেবী-বিগ্রহকে তাঁর নির্দিষ্ট স্থানে প্রতিষ্ঠিত করা হয়। এর পরে সম্পন্ন হয় ঘট বিসর্জন। বিসর্জন শেষে বাড়িতে ফিরে আসার পরে রয়েছে পরিবারের একটি অত্যন্ত আবেগঘন ও বহু দিনের বিশেষ প্রথা। বাড়ির বাইরে দাঁড়িয়ে পর পর তিন বার প্রশ্ন করা হয়— ‘মা, বাড়ি আছেন?’ এর উত্তরে পরিবারের প্রবীণ গৃহবধূর পক্ষ থেকে উত্তর আসে— ‘হ্যাঁ, আছেন।’