ভুয়ো চালানে বালি পাচারের ফের চেষ্টা, ধরলেন স্থানীয়রা
সূত্রের খবর, চালান জাল করে বালি পাচারের মূল পান্ডা পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা সৌরভকুমার রায়। মেদিনীপুর বাইপাসের ধারে পাঁচিল ঘেরা বিশাল বাড়ি সৌরভের। বাড়ির ভিতরেই রয়েছে বিরাট পুকুর। সর্বদা দামী গাড়ি দাঁড়িয়ে থাকে তাঁর বাড়িতে। কয়েক মাস আগে রাজ্য জুড়ে বালির অবৈধ কারবারিদের বিরুদ্ধে যখন অভিযান চলছিল, সেই সময়ে সৌরভের বাড়িতেও হানা দেয় ইডি। জানা গিয়েছে, মাধাইপুরে যে সংস্থা বালি সরবরাহের বরাত পেয়েছে, তাদের চালান জাল করে রাজস্ব ফাঁকি দিয়ে বালি পাচার করছেন সৌরভ।