প্রশান্ত বর্মনের মামলায় বেঞ্চ বদল! প্রশ্ন আইনজীবী মহলে
বিতর্কের অন্য দিকও রয়েছে। আইনজীবীদের বক্তব্য, আগের শুনানিতে সুপ্রিম কোর্ট প্রশান্তকে আগাম জামিন দিতে রাজি হয়নি। তাঁকে আত্মসমর্পণের জন্যে সময় বেঁধে দিয়েছিল। এ বারও সেই একই রকম মামলার সূত্রে তাঁর জেলে যাওয়া, না-যাওয়ার প্রশ্নে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিযুক্ত। আগেই আবেদনের বিচার হয়ে যাওয়ার পরে ফের নতুন বেঞ্চে একই বিষয়ের শুনানি হলে বিচারপ্রক্রিয়ার ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক বলে মনে করছেন অনেক আইনজীবী। তাঁদের বক্তব্য, একই বিষয়ের ফয়সালা ফের যদি হতেও হয়, লার্জার বেঞ্চে, এ ক্ষেত্রে অন্তত তিন বিচারপতির বেঞ্চেই হওয়া উচিত। মঙ্গলবারের শুনানিতে মামলার মূল প্রশ্নের পাশাপাশি বেঞ্চ নির্ধারণ নিয়েও প্রশ্ন উঠতে পারে বলে মনে করছেন আইনজীবীদের একাংশ। তবে সে ক্ষেত্রে রাজ্যের আইনজীবীর ভূমিকা গুরুত্বপূর্ণ। অন্য দিকে, প্রশান্তর হয়ে সওয়াল করার কথা সিনিয়র আইনজীবী মুকুল রোহতগির।