‘দেশকে গৃহযুদ্ধের পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে’, সরাসরি মোদীকে নিশানা করে হুমকি CJP-র
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বাঁচাতেই সরকার এ কাজ করছে বলেও দাবি করেছেন সিজেপি নেতৃত্ব। জ্ঞানেশকে ‘আসল দেশদ্রোহী’ আখ্যাও দিয়েছেন তাঁরা। সৌরভদের প্রশ্ন, ‘নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কেন জ্ঞানেশ কুমারকে বাঁচানোর চেষ্টা করছেন?’ আগামী এক বছর শান্তিভঙ্গ না করার শর্তে সিজেপির তিন শীর্ষ নেতাকে মুক্তি দিয়েছে আদালত। সিজেপির অভিযোগ, আসলে শান্তিভঙ্গ করছেন মোদী, শাহ এবং জ্ঞানেশ। সৌরভ বলেন, ‘ইতিহাস বলছে, আমাদের দেশে যে সরকার শিখদের সঙ্গে অত্যাচার করেছে, তারা বেশি দিন স্থায়ী হয়নি। এই সরকারও স্থায়ী হবে না৷ দিল্লি পুলিশ যে ভাবে জুতো পরে, খালি মাথায় বাংলা সাহিব গুরুদ্বারে ঢুকে সেখানে আশ্রয় নেওয়া লোকেদের মারতে মারতে টেনে বার করেছে, তার ফল ভুগতে হবে সরকারকে।’