ভিন্ন ধর্মে বিয়ে, সুরক্ষার নির্দেশ হাইকোর্টের - 24 Ghanta Bangla News
Home

ভিন্ন ধর্মে বিয়ে, সুরক্ষার নির্দেশ হাইকোর্টের

Spread the love

এই সময়: ভিন্ন ধর্মে বিয়ে করতে গিয়ে হুমকি ও ভয়ভীতির মুখে পড়ে বিয়ে স্থগিত রাখতে হয়েছিল এক যুগলকে। তাঁদের বিয়ের আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে পুলিশি নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিয়ে করতে চাইলে সংশ্লিষ্ট থানার আইসি-কে জানাতে হবে। সেই ভিত্তিতে যুগল ও তাঁদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করতে হবে পুলিশকে— বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের।

মামলাকারী শোহরাব হুসেন ও অন্য এক আবেদনকারী অভিযোগ করেন, ভিন্ন ধর্মে বিয়ের সিদ্ধান্ত নেওয়ায় কয়েকটি ধর্মীয় মৌলবাদী সংগঠনের তরফে তাঁদের হুমকি ও ভয় দেখানো হচ্ছিল। সেই কারণে গত ২৯ জুলাই নির্ধারিত বিয়ে পিছিয়ে দিতে হয়। বিয়ের নোটিসের মেয়াদ গত ২৫ সেপ্টেম্বর শেষ হয়ে যায়। নতুন করে বিয়ের আইনি প্রক্রিয়া শুরু করতে পুলিশি সহায়তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। হুমকির জেরে ম্যারেজ রেজিস্ট্রারও বিয়ের আইনি প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে অনীহা দেখাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন আবেদনকারীরা। এর আগে আদালত নদিয়ার নবদ্বীপ থানার আইসি-কে ম্যারেজ রেজিস্ট্রারের সঙ্গে কথা বলে তাঁর অবস্থান জানার নির্দেশ দিয়েছিল।

আদালতে জানানো হয়, আইন মেনে বিয়ের প্রক্রিয়া নতুন করে শুরু করতে রেজিস্ট্রারের কোনও আপত্তি নেই। এর পরেই বিচারপতি জানান, আইন মেনে বিয়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবেন আবেদনকারীরা। মামলাকারীরা বিয়ের সিদ্ধান্ত নিলে পুলিশকে জানাতে হবে এবং তাঁদের দু’জনের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *