শ্যামপুর থেকে ছুটবে ট্রেন? রেলমন্ত্রীর চিঠিতে জল্পনা
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, হাওড়ার অন্যান্য জায়গার তুলনায় শ্যামপুরের সড়ক যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। শ্যামপুরের মানুষকে ট্রেন ধরার জন্য হয় উলুবেড়িয়া, নয় তো বাগনান স্টেশনে আসতে হয়। সড়ক পথে শ্যামপুর থেকে বাগনানের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। উলুবেড়িয়ার দূরত্ব আরও বেশি। বাসের সংখ্যা কমে যাওয়ায় শ্যামপুরের মানুষের একমাত্র ভরসা টোটো, অটো কিংবা ট্রেকার। নানা প্রয়োজনে শ্যামপুরের মানুষকে উলুবেড়িয়ায় ছুটতে হয়। কারণ, সেখানেই রয়েছে মহকুমা আদালত এবং এসডিও অফিস। শ্যামপুর থেকে বাসে উলুবেড়িয়া যেতে এক ঘণ্টার বেশি সময় লাগে। বাগনানে যেতেও ৪০-৪৫ মিনিট সময় লাগে। বাস না মিললেও অটো, টোটো কিংবা ম্যাজিক ভ্যানে যেতে হয়। তাতে আরও বেশি সময় লেগে যায়। বাড়তি ভাড়াও গুণতে হয়। রাতের দিকে শ্যামপুর থেকে বাগনান কিংবা উলুবেড়িয়া ফেরার বাস পাওয়া যায় না। অথচ, শ্যামপুরেই রয়েছে গাদিয়াড়া, গড়চুমুক পর্যটন কেন্দ্র। বাইরে থেকে বহু মানুষ এখানে বেড়াতে আসেন। রাতে ফিরতে গিয়ে পর্যটকরাও সমস্যায় পড়েন। এই সমস্যা দূর করতে বহু দিন থেকেই শ্যামপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। সেই দাবি পূরণ করতেই এ বার উদ্যোগী হয়েছেন হিরণ। তিনি বলেন, ‘শ্যামপুর পর্যন্ত রেল যোগাযোগ স্থাপনের জন্য এলাকার মানুষ দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন। তার জন্য আমি রেলমন্ত্রীকে চিঠি লিখেছিলাম। তিনি ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। শ্যামপুরের মানুষের দাবি পূরণের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’