মোবাইলে ক্যাব বুকিং, নির্জন রাস্তায় খুন, একই ছকে একাধিক হত্যা? ডানকুনি কাণ্ডে তদন্তে পুলিশ
মোবাইল থেকে বুক করা হয় ক্যাব। নির্দিষ্ট ডেস্টিনেশনে আসতেই তিন যাত্রী গাড়িতে ওঠে। চলতে শুরু করে গাড়ি। নির্জন জায়গার কাছাকাছি আসতেই শুরু হয় অপারেশন। সাধারণত পিছনের আসনে বসত দু’জন। সামনের আসনে একজন। পুলিশের ধারণা, অন্ধকার, জনমানবহীন এলাকা দেখে গাড়িটিকে দাঁড় করিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় ওই ক্যাব চালককে। আসল উদ্দেশ্য ছিনতাই। চালক লুটিয়ে পড়তেই গাড়ি থেকে টাকা বা অন্য কোনও দামি জিনিস থাকলে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় সেই তিন আততায়ী। হুগলির ডানকুনিতে ক্যাব চালক খুনের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের জেরা করেই বিষয়টি সামনে এসেছে। এই গ্ৰুপ কলকাতাতেও একই কায়দায় অপরাধ সংঘটিত করেছিল বলেও পুলিশ সূত্রে খবর।