পুজোর আবহে উচ্চ মাধ্যমিক, চিন্তায় শিক্ষকরা
এই সময়: ইডেন গার্ডেন্সে আগামিকাল, শনিবার সন্ধেয় মেগা শোয়ের মাধ্যমে দুর্গাপুজোর শুরু। আর সোম, মঙ্গল এবং বুধবার উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের তিনটি শাখার ১৬টি বিষয়ের পরীক্ষা। চতুর্থীর দিনে উচ্চ মাধ্যমিক শেষ হচ্ছে। সে দিনই আবার আর্টস, সায়েন্স এবং কমার্সের যথাক্রমে বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন পরীক্ষা। ওই দিন ২১০৫টি ভেন্যুতে ৭ লাখ ১৮ হাজার ৬২০ জন পরীক্ষায় বসবে। পরদিন থেকে আবার রাজ্যে দুর্গাপুজোর সরকারি ছুটি শুরু হচ্ছে। এই পরিস্থিতিতে পুজোর আবহে শেষ তিন দিনে পরীক্ষার ওএমআর–সহ গুরুত্বপূর্ণ নানা নথি সময়মতো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আঞ্চলিক অফিসে পাঠানো নিয়ে উদ্বিগ্ন ভেন্যু সুপারভাইজ়ার, সেন্টার সেক্রেটারি এবং সেন্টার ইনচার্জরা। বিশেষ করে শেষদিন। চতুর্থীতে ওএমআর–এর পাশাপাশি নিরাপত্তার কাজে ব্যবহৃত মেটাল ডিটেক্টর, অ্যাটেনডেন্স কাম সিগনেচার রোল এবং বাতিল ও অতিরিক্ত ওএমআর–ও সংসদের আঞ্চলিক কার্যালয়ে ভেন্যু সুপারভাইজ়ারদের পাঠানোর কথা। যদিও পরীক্ষার সঙ্গে যুক্ত ভেন্যু সুপারভাইজ়ার, সেন্টার সেক্রেটারি এবং সেন্টার ইনচার্জদের উদ্বেগ ও আশঙ্কাকে খুব বেশি গুরুত্ব দিতে রাজি নন সংসদ কর্তারা। সংসদ সভাপতি মসিউর রহমান সর্দার বলেন, ‘পরীক্ষা সেন্টার ও ভেন্যু থেকে রিজিওনাল অফিসগুলো কাছেই। তাই চতুর্থীর দিন পরীক্ষা হলেও খুব একটা অসুবিধে হবে না।’