উপনির্বাচনে নিয়ে অভিযোগ মমতার, পাল্টা কটাক্ষ বিজেপির - 24 Ghanta Bangla News
Home

উপনির্বাচনে নিয়ে অভিযোগ মমতার, পাল্টা কটাক্ষ বিজেপির

Spread the love

এই সময়: পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরের উপনির্বাচনে ক্যালকুলেট করে ভোট লুট হয়েছে বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ ভাবে ভোট লুট করে বেশি দিন নির্বাচনে জয় সম্ভব নয় বলেও পর্যবেক্ষণ প্রাক্তন মুখ্যমন্ত্রীর। নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে ভোটের গণনা আজ, শুক্রবার হতে চলেছে। বিজেপি নেতৃত্ব ওই দুটি কেন্দ্রে গেরুয়া নিশান উড়বে বলে আত্মবিশ্বাসী। এই পরিস্থিতিতে মমতা দুই কেন্দ্রের ভোট লুট হয়েছে বলে অভিযোগ করায় বিজেপি পাল্টা কড়া জবাব দিয়েছে। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘উনি এখন মুখ্যমন্ত্রী নেই, হাতে অনেক সময় রয়েছে, ওঁর সঙ্গেও কেউ নেই, পার্টি নেই, প্রতীক নেই, পার্টি অফিস নেই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, বসে বসে অভিযোগ করা ছাড়া উনি আর কী করবেন! তৃণমূল শূন্য হয়ে গিয়েছে।’ দিল্লি যাওয়ার আগে বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনের সামনে মমতা বলেন, ‘নন্দীগ্রাম ও রেজিনগরে টোটাল ভোট লুট করেছে। কোনও নির্বাচনই হয়নি। কখনও শুনেছেন ভোটের আগেই বিজেপি নেতা বলছেন, এখানে এত ভোটে জিতব, ওখানে অত ভোটে জিতব! এর অর্থ হচ্ছে, ক্যালকুলেটিভ ভোট হয়েছে। ছাপ্পা এবং ধাপ্পা ভোট হয়েছে। লুটেরারা বেশি দিন জিততে পারবে না।’ রাজ্য পুলিশ এই ভোট লুটের কাজ করেছে বলেও অভিযোগ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘পুলিশ গিয়ে বোতাম টিপেছে। আপনারা (পুলিশ) দেশের রক্ষক হোন, ভক্ষক হবেন না। শেষ পর্যন্ত রাজনৈতিক নেতারা কিন্তু আপনাদের পাশে থাকবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *