দত্তপুকুরের শিবালয়ে বুড়িমার পুজোয় মিশে রহমতও।
দত্তপুকুরের শিবালয়ের রায় বাড়ির ৩৫৬ বছরের প্রাচীন এই পুজোকে ঘিরে অনেক গল্প। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের বংশধর শিবচন্দ্র রায় ১৬৬৯ সালে ভাগীরথী হয়ে সুতি নদী ধরে এসে দত্তপুকুরে নোঙর করেন। স্বপ্নাদেশে এ পুজোর বোধন করেন কৃষ্ণপক্ষের শুরুতে। দত্তপুকুরে বসতি স্থাপন তার পরেই। পরবর্তীকালে শিবচন্দ্রের নামেই দত্তপুকুরের এই অঞ্চলের নাম হয় শিবালয়। শিবালয়ের এই পুজো বুড়িমার পুজো বলে খ্যাত। এখানে অষ্টমীতে দণ্ডী কাটেন কয়েক হাজার মানুষ। সন্তানধারণে অক্ষম মহিলারা নবমীতে হোমের কলা খান। বিশ্বাস, এই উপাচার করে ফলপ্রাপ্ত হয়েছেন অনেকে। একই বিশ্বাসে দূরদূরান্ত থেকে সন্তানহীনারা নবমীর দিন মানত করেন ও হোমের পোড়া কলা খান। কথিত আছে, প্রথম বছরে স্থানীয় এক বয়স্ক মহিলা পুজোর আচারের কাজ করেছিলেন। সেই থেকেই শিবালয়ের দুর্গাপুজো ‘বুড়িমার পুজো’ নামে খ্যাতি পায়। আবার অনেকে বলেন, এই পুজো বহু পুরোনো বলেই নাম হয় বুড়িমার পুজো। বোধনের পর থেকে প্রতিদিন ভোগ এবং আরতি হয়। নবমী পর্যন্ত চলে চণ্ডীপাঠ। নবমীতে আখ, চালকুমড়ো, কলা বলি দেওয়ার রীতি।