বিবাদী বাগের নিকাশি সংস্কারে নামছে পুরসভা, আজ সূচনা
এই সময়: কলকাতার অফিসপাড়া বিবাদী বাগের নিকাশি–পথ থেকে পলি তোলার কাজ শুরু করবে কলকাতা পুরসভা। তার সঙ্গে ওই এলাকার নিকাশি–পথে দেওয়া হবে এক বিশেষ ধরনের পাইপের আস্তরণ। কলকাতা পুরসভার পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ এই কাজ করবে।
বিবি গাঙ্গুলি স্ট্রিট, এপিসি রোড এবং বিবাদী বাগ— সব মিলিয়ে প্রায় দু’কিলোমিটার এলাকা জুড়ে এই কাজ হবে। আজ, বৃহস্পতিবার দেশবন্ধু পার্কে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই কাজের সূচনা করবেন কলকাতা পুরসভা কর্তৃপক্ষ। কলকাতা পুরসভার নিকাশি বিভাগের এক শীর্ষকর্তার বক্তব্য, ‘কাজটা পরিকল্পনা মাফিক শেষ করা গেলে কলকাতার অফিসপাড়ার বিভিন্ন রাস্তায় বৃষ্টি হলেই জল দাঁড়ানোর সমস্যা অনেকটাই কমবে।’
দীর্ঘদিন ধরেই কলকাতার পুরোনো নিকাশি পথ নিয়ে উদ্বিগ্ন পুরসভার নিকাশি এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের আধিকারিকরা। গত কয়েক বছর ধরে কলকাতার বিভিন্ন এলাকার নিকাশি–পথ থেকে পলি তোলা হলেও মধ্য কলকাতার এই এলাকায় কাজ হয়নি। কিন্তু কেন?
কলকাতা পুরসভার বক্তব্য, বিবাদী বাগ, চৌরঙ্গি ও মানিকতলার বিভিন্ন এলাকায় থাকা নিকাশি–পথ ব্রিটিশ আমলে তৈরি। কয়েকশো বছরের পুরোনো নিকাশি–পথ ভালো ভাবে পরীক্ষা–নিরীক্ষা না–করে সেখান থেকে পলি তোলার কাজ শুরু করে দিলে বড় ধরনের বিপত্তি হওয়ার ঝুঁকি থাকে। পুরসভার নিকাশি বিভাগের আধিকারিকরা জানাচ্ছেন, প্রায় দু’কিলোমিটার বিস্তৃত এই নিকাশি–পথের বেশির ভাগটাই পুরোনো দিনের ইট দিয়ে তৈরি।
পুরসভার আধিকারিকরা জানাচ্ছেন, এই নিকাশি–পথে ইটগুলো এমন ভাবে সাজানো যে, পলি তোলার সময়ে কোনও ভাবে একটিও ইট আলগা হয়ে গেলে বড় ধরনের সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তার জন্যই এ বার এই নিকাশি–পথে এক বিশেষ ধরনের পাইপের আস্তরণ দেওয়া হবে। দ্বিতীয় সমস্যা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ। যে সব এলাকা জুড়ে কাজ হবে, তার প্রতিটি রাস্তায় যানবাহনের চাপ অনেকটা। তবে কাজ চলার সময়ে যানবাহন নিয়ন্ত্রণের বিষয় নিয়ে ইতিমধ্যেই এই কাজের দায়িত্বপ্রাপ্ত পুর আধিকারিকরা কলকাতা ট্র্যাফিক পুলিশের কর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।