Copa America 2024: কলম্বিয়াকে হারিয়ে ফের কোপা জয়, ইতিহাসে লিওনেল মেসিরা – Bengali News | Lautaro Martinez late goal give win to Argentina against Colombia in Copa America final 2024
Copa America 2024: কলম্বিয়াকে হারিয়ে ফের কোপা জয়, ইতিহাসে লিওনেল মেসিরাImage Credit source: AFP, X
কলকাতা: রোমাঞ্চে ভরা এক কোপা আমেরিকা (Copa America 2024) ফাইনালের সাক্ষী রইল সারা বিশ্ব। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ৯০ মিনিট অবধি আর্জেন্টিনা (Argentina) ও কলম্বিয়া (Colombia) কোনও গোল করতে পারেনি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। একটা সময় মনে হচ্ছিল ম্যাচ গড়াবে টাইব্রেকারে। ফাইনাল ম্যাচ খানিকটা সেদিকেই এগোচ্ছিল। অতিরিক্ত সময়ের প্রথমার্ধ অবধি স্কোরলাইন ছিল ০-০। এরপর ১১২ মিনিটে ছবিটা বদলে যায়। লো সেলসোর ফ্লিক থেকে গোল আসে লাওতারো মার্টিনেজের পায়ে।
হার্ড রক স্টেডিয়ামের গ্যালারির বেশিরভাগ জায়গায় উড়ছিল হলুদ পতাকা। এবং দেখা যাচ্ছিল হলুদ জার্সির ঢল। কিন্তু সেখানে নীল-সাদা জার্সি ধারীদের জন্য গলা ফাটাচ্ছিলেন আর্জেন্টিনার সমর্থকরাও। একদিকে ছিল কোপা আমেরিকার ১৫ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অপরদিকে ২০০১ সালের চ্যাম্পিয়ন কলম্বিয়া। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বেশ টক্কর দেয় কলম্বিয়া। কিন্তু কোপা জয় হল না কলম্বিয়ার।
কোপার সেরা লিওনেল মেসির আর্জেন্টিনা। এতদিন উরুগুয়ে ও আর্জেন্টিনার ঝুলিতে ছিল ১৫টি করে কোপার খেতাব। এ বার আর্জেন্টিনা কলম্বিয়াকে হারিয়ে টুর্নামেন্টের ১৬ বারের চ্যাম্পিয়ন হল।