স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার, ৪ দিন ঢুকতে পারলেন না ক্রীড়াবিদরা
সরকারের দাবি, হেলিকপ্টারের যান্ত্রিক গোলযোগ
মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা দাবি করেছেন, হেলিকপ্টারে হঠাৎ যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ার কারণেই সেটি স্টেডিয়ামের মাঠে দীর্ঘক্ষণ রাখতে হয়েছিল, কোনও উদ্দেশ্যপ্রণোদিত কারণে নয়। কিন্তু ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ ও ‘ইন্ডিয়া টুডে’-র কাছে স্থানীয় কোচ ও খেলোয়াড়রা ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন, এটি কোনও নতুন ঘটনা নয়। ভিআইপিদের চপার ওঠানামার জন্য প্রায় প্রতি মাসেই এক থেকে দু’দিন করে বন্ধ রাখা হয় স্টেডিয়াম। ফলে নিয়মিত অনুশীলন নষ্ট হয় অ্যাথলিটদের।
এই ঘটনা অবশ্য নতুন নয়। ২০২২ সালে দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে ঠিক এমনই এক ঘটনা ঘটেছিল, তৎকালীন রাজস্ব সচিব আইএএস সঞ্জীব খিরওয়ার তাঁর পোষা কুকুরকে নিয়ে মাঠে হাঁটবেন বলে অ্যাথলিটদের নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়তে বাধ্য করা হতো। সেই বিতর্কের জেরে কেন্দ্রীয় সরকার ওই দম্পতিকে লাদাখ ও অরুণাচল প্রদেশে শাস্তিমূলক বদলি করে। আবার দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে দিলজিৎ দোসাঞ্জের কনসার্টের পর ১০ দিন ধরে ট্র্যাক নোংরা পড়ে থাকায় প্রস্তুতি শিকেয় উঠেছিল আন্তর্জাতিক অ্যাথলিটদের। পরবর্তী সময়ে ট্র্যাভিস স্কটের কনসার্টের সময়ও তীব্র প্রতিবাদের মুখে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) অ-ক্রীড়া ইভেন্টের জন্য কড়া নির্দেশিকা জারি করতে বাধ্য হয়েছিল।
প্রতিটা ক্ষেত্রেই দেশে নিন্দা হয়েছিল। কিন্তু তাতে যে কোনও কাজ হয়নি তা ফের প্রমাণিত হলো মুখ্যমন্ত্রীর চপার পার্ক করে রাখার ঘটনায়।