টানা জ্বর, পেটব্যথা-বমি হলে সতর্ক, সচেতনতায় জোর স্বাস্থ্যভবনের - 24 Ghanta Bangla News
Home

টানা জ্বর, পেটব্যথা-বমি হলে সতর্ক, সচেতনতায় জোর স্বাস্থ্যভবনের

Spread the love

এই সময়: বর্ষার শেষ লগ্নে, পূর্বাভাসমতোই পুজোর মুখে একটু হলেও বাড়ছে ডেঙ্গির দাপট। অন্যান্য বছরের চেয়ে পরিস্থিতি তুলনায় ভালো হলেও ঢিলেমি দিতে নারাজ স্বাস্থ্যকর্তারা। তাই জ্বরের পাশাপাশি রোগীর শারীরিক পরিবর্তনের উপর প্রথম কয়েক দিন কড়া নজর রাখার পরামর্শ দিল স্বাস্থ্য দপ্তর। বিশেষ করে পেটব্যথা, বারংবার বমি, অতিরিক্ত দুর্বলতা, খিঁচুনি, অজ্ঞান হয়ে যাওয়া বা শরীরের কোথাও রক্তপাত হলে দেরি না করে স্বাস্থ্যকেন্দ্রে অথবা হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে আমজনতাকে। ডেঙ্গির ঝুঁকি অনেক সময় জ্বর কমার পরেই বাড়ে— সে কথাও নতুন করে মনে করিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্যভবনের তরফে।

বুধবার রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যভবনে মেগা বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ছাড়াও ছিলেন ছ’টি পুরনিগম, ছ’টি পুরসভা, মেডিক্যাল কলেজ ও জেলা প্রশাসনের প্রতিনিধিদের পাশাপাশি পদস্থ ও শীর্ষস্থানীয় স্বাস্থ্যকর্তারাও। বৈঠকের পরে জ্বরের প্রথম দিন থেকে পরবর্তী কয়েক দিন রোগীকে কী ভাবে পর্যবেক্ষণে রাখতে হবে, তা নিয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করা হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, জ্বরের প্রথম তিন থেকে পাঁচ দিন রোগীর প্রস্রাবের পরিমাণ, ঘুম, খিঁচুনি-সহ অন্যান্য শারীরিক পরিবর্তনের উপর নজর রাখতে হবে। পরিবারের সদস্যদেরও বিপদের লক্ষণগুলি সম্পর্কে সচেতন থাকতে হবে। জ্বরের প্রথম চার দিনের মধ্যে ডেঙ্গি শনাক্ত করতে এনএস-১ অ্যান্টিজেন এলাইজা পরীক্ষা এবং পাঁচ দিন পেরোলে আইজিএম পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। জ্বর ১০ দিনের বেশি থাকলে লেপ্টোস্পাইরোসিস বা স্ক্রাব টাইফাসের মতো অন্য সংক্রমণের কথা ভেবেও রক্তপরীক্ষার কথা ভাবতে হবে।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ১০ হাজার ছুঁইছুঁই। সবচেয়ে বেশি আক্রান্ত মুর্শিদাবাদে— প্রায় ২,৫০০। এর পরেই রয়েছে কলকাতা (প্রায় ১,০০০), দক্ষিণ ২৪ পরগনা (প্রায় ৭৫০) এবং উত্তর ২৪ পরগনা ও নদিয়া (প্রায় ৭০০ করে)। হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছেন ২৫৬ জন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের বক্তব্য, চায়ের কাপ, প্লাস্টিক, প্যান্ডেলের বাঁশ বা থার্মোকলের মতো ফেলে রাখা জিনিসে বৃষ্টির জল জমে ডেঙ্গির বাহক এডিস মশার বংশবৃদ্ধি হচ্ছে। তাই বাড়ি ও আশপাশে জল জমতে না দেওয়াই সংক্রমণ রোখার অন্যতম গুরুত্বপূর্ণ উপায়। একই সঙ্গে অণুচক্রিকা নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। স্পষ্ট জানানো হয়েছে, প্লেটলেটস কাউন্টি ২০ হাজারের নীচে না নামলে অথবা রক্তক্ষরণ না হলে অযথা বেশি চিন্তার কিছু নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *