Bhuvneshwar Kumar: আগরকর সরতেই সুখবর, ৪ বছর পর ভারতীয় দলে ফিরলেন ভুবনেশ্বর কুমার | Bhuvneshwar Kumar Returns As He’s Back in Team India After 4 Years for New Zealand T20I Series
মুম্বই: সুখের সে দিন…অবশেষে যেন ফিরল। ২০২২ সালে শেষবার ভারতের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল তাঁকে। তারপর কেটে গিয়েছে চার বছর। এই চার বছরে কত এগিয়ে গিয়েছে দুনিয়া। কিন্তু, তিনি জাতীয় দলের টি-টোয়েন্টি জার্সিতে আর সুযোগ পাননি। তবে কথায় আছে, অপেক্ষার বাঁধ একদিন ভেঙে যায়। তাঁর ক্ষেত্রেও তাই হল। ২০২২ সালের পর আবার জাতীয় দলে সুযোগ পেলেন তিনি, ভুবনেশ্বর কুমার।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য মঙ্গলবার ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। মোট ৫টি ম্যাচ খেলা হবে এই সিরিজে। দলে বিশেষ কোনও বদল না থাকলেও নজর কেড়েছে ভুবির প্রত্যাবর্তন। ২০২২ সালের নভেম্বরে অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে খেলার পর আর টি-টোয়েন্টি দলে সুযোগ পাননি তিনি। তবে আইপিএলে বিগত ২ মরশুম দুরন্ত পারফরম্যান্স করেছেন তিনি। আরসিবিকে ২০২৫ ও ২০২৬ আইপিএলে চ্যাম্পিয়ন করার পিছনে তাঁর অবদান প্রচুর। দুই মরশুম মিলিয়ে তিনি পেয়েছেন ৪৫ উইকেট। নতুন বলে স্যুইং, মিডল ওভারে উইকেট তুলে নেওয়া বা ডেথ ওভারে রান আটকানো – বিভিন্ন পরিস্থিতিটাই নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার হ্যাজলউডের সঙ্গে তাঁর জুটি বারবার সাফল্য দিয়েছে আরসিবিকে।
জাতীয় দলে ভুবি জায়গা হারানোর পর অনেকেই ভেবেছিলেন, জাতীয় দলের দরজা হয়ত পাকাপাকি ভাবেই বন্ধ হয়ে গেল ভুবির জন্য। কিন্তু ৪ বছর পর আবার ফিরলেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া খেলবে মোট ৫ টি-টোয়েন্টি, ৫ ওডিআই ও ২টি টেস্ট। টি-টোয়েন্টি ও ভারতীয় এ দলের স্কোয়াড ঘোষণা হলেও ওয়ানডে ও টেস্ট দলের মূল স্কোয়াড এখনও ঘোষণা করা হয়নি। সম্প্রতি প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অজিত আগরকর। তাঁর বদলে এই মুহূর্তে আছেন প্রজ্ঞান ওঝা। ফলে, এই নতুন কমিটিই দলে নিয়ে এসেছে ভুবিকে। এরপরেই উঠছে দুটি প্রশ্ন। ১, তাহলে কি ২০২৭ ওডিআই বিশ্বকাপেও ফিরতে দেখা যেতে পারে ভুবিকে? এবং ২, ভুবি ফিরেছেন মানে একটু হলেও কি দলে ফেরার সুযোগ বাড়ল মহম্মদ শামির?