‘…মাকে দূরে সরিয়ে রাখি’, কাঁদতে-কাঁদতে কোন কথা বলেন জাহ্নবী? – Bengali News | What did actress janhvi kapoor say about her regrets regarding late mother actress sridevi
বলিউডের কিংবদন্তি অভিনেত্রী প্রয়াত শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুর প্রথম অভিনয় করেছিলেন ‘ধড়ক’ ছবিতে। মারাঠি ছবির ‘সাইরাট’-এর হিন্দি রিমেক ছিল সেটি। সেই ছবিতে অভিনয় করার সময় একটি ক্ষোভের কথা বলেছিলেন জাহ্নবী। যে ক্ষোভ সারাজীবন বয়ে বেড়াতে হবে তাঁকে।
বিখ্যাত মায়ের মেয়ে এবং তারকা সন্তান হওয়ার সুবাদে শুরু থেকেই নাকি কটাক্ষ সহ্য করতে হয়েছিল জাহ্নবীকে। একটি সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি শ্রীদেবীর কন্যা। মায়ের কারণে প্রথম ছবি পেয়েছি। এই কথা আগে থেকেই শুনতে হচ্ছিল আমাকে। প্রথম ছবিতে অভিনয় করার সময় মায়ের থেকে দূরত্ব বজায় রেখেছিলাম। চেয়েছিলাম, কোনওভাবেই যেন মায়ের প্রভাব আমার উপর না পড়ে। তিনি হয়তো মনে-মনে আমার শুটিংয়ে আসতে চাইতেন। কিন্তু আমি মাকে বারবার বলে দিতাম তিনি যেন না আসেন। মা আসেননি। এখন আমার খুব কষ্ট হয়।”
এই খবরটিও পড়ুন
‘ধড়ক’ ছবি মুক্তির আগেই দুবাইয়ে মৃত্যু হয় শ্রীদেবীর। এক পাঁচতারা হোটেলের সুইটের বাথটাবে মৃত অবস্থায় পাওয়া যায় শ্রীদেবীকে। প্রথম ছবিতে মা আসতে পারেননি। সেই গ্লানি বুকের মধ্যে বয়ে বেড়াচ্ছে জাহ্নবীর। চোখে জল এনে তারকা সন্তান বলেছিলেন, “এখন খুব আফসোস হয়। লোকে কী বলবে, কেরিয়ারে মায়ের প্রভাব কতটা, এইসব চিন্তা না করে মাকে যদি বলতাম, তুমি আমার শুটিংয়ে এসো, তা হলে আজ আমাকে এই কথাগুলো বলতে হত না।”