Sandeshkhali: আদালতের ‘গুঁতো’ খেতেই নড়ল টনক? নতুন করে ১৯ জায়গায় জারি ১৪৪ ধারা – Bengali News | After Calcutta High Court’s Order, Section 144 imposed in 19 areas of Sandeshkhali
সন্দেশখালিতে আবার ১৪৪ ধারাImage Credit source: TV9 Bangla
সন্দেশখালি: কেন গোটা সন্দেশখালি জুড়ে ১৪৪ ধারা জারি করা হল,তা নিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে যথার্থ তথ্য দিতে পারেনি রাজ্য। এরপরই সন্দেশখালিতে জারি হওয়া ১৪৪ ধারা বাতিল করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তবে বুধবার সকালে সন্দেশখালির কয়েকটি জায়গায় নতুন করে জারি করা হয়েছে ১৪৪ ধারা।
কোথায়-কোথায় ১৪৪ ধারা?
সন্দেশখালির সাতটি পঞ্চায়েতের ১৯টি জায়গায় নতুন করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যার মধ্যে সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের সন্দেশখালি ঘাট, খুলনা ঘাট, বোলাখালি ঘাট, ত্রিমণি বাজার, পাত্র পাড়া রয়েছে। আন্দোলন মুলত শুরু হয়েছিল এই পাত্র পাড়া থেকে। অপরদিকে, দুর্গামণ্ডপ জিপির গাববেড়িয়া মার্কেট, দুগুড়ি পাড়ায় জারি রয়েছে ১৪৪ ধারা। এর মধ্যে দাউদপুর আবার বিজেপি-র শক্ত ঘাঁটি। সেখানেও ছড়িয়ে পড়তে পারে বিক্ষোভের আগুন। সেই কারণে ১৪৪ ধারা জারি সেখানে। এছাড়াও ধামাখালি ঘাট, হালদার পাড়া, পিঁপড়ে খালি ঘাট সহ আরও একাধিক জায়গায় নতুন করে জারি হল ১৪৪ ধারা। অর্থাৎ সন্দেশখালির ২ নম্বর ব্লকের মোট ১৯ জায়গায় নতুন করে জারি হল ১৪৪ ধারা।
এই খবরটিও পড়ুন
গতকাল আদালতে বিচারপতি জয় সেনগুপ্ত ঠিক কোন এলাকায় গণ্ডগোল হচ্ছে, কতটা অঞ্চল জুড়ে উত্তেজনা তৈরি হয়েছে, সেটা উল্লেখ করা হয়নি ১৪৪ ধারা জারির বিজ্ঞপ্তিতে। বিচারপতি সেনগুপ্ত-র মন্তব্য, ১৪৪ ধারা জারি করার আগে আরও ভালভাবে পরিস্থিতি পর্যালোচনা করা উচিত ছিল। যত্ন নিয়ে খতিয়ে দেখা উচিত ছিল পরিস্থিতি। বিচারপতি উল্লেখ করেছেন, ১৪৪ ধারা জারি করতে হলে এলাকা নির্দিষ্ট করে চিহ্নিত করতে হবে। ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি দিয়ে নজরদারি চালানোর কথাও বলেছেন বিচারপতি।