‘মোদী বিষ্ণুর অবতার’, শুভেচ্ছা জানিয়ে মন্তব্য প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর
গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী— দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে ২৫ বছর পূর্ণ করেছেন নরেন্দ্র মোদী। এই সাফল্যের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের রাষ্ট্রপ্রধানরা শুভেচ্ছা জানিয়েছেন মোদীকে। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে মোদীকে শুভেচ্ছা জানাতে গিয়ে ‘বিষ্ণুর অবতার’ বলে মন্তব্য করেছেন।
একটি বার্তায় শেরিং তোবগে জানিয়েছেন, ২০১৯ সালের ২৭ জুলাই দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। সেই সময়ে অবশ্য তোবগে ভুটানের প্রধানমন্ত্রী ছিলেন না। তবে সেই দিনের সাক্ষাতে মোদীকে তোবগে নিজের ‘বড় ভাই’ বলে উল্লেখ করেছিলেন। তোবগের বক্তব্য, শুধু বয়সের কারণেই নয়, মোদী তাঁর সঙ্গে বড় ভাইয়ের মতোই স্নেহ ও আন্তরিকতার সঙ্গে আচরণ করেছিলেন।
এখানেই শেষ নয়, নরেন্দ্র মোদীর নেতৃত্ব ব্যাখ্যা করতে গিয়ে ভুটানের নিজস্ব বৌদ্ধ ঐতিহ্যের কথাও তুলে ধরেছেন তোবগে। তোবগের ব্যাখ্যায়, নেতৃত্বের ক্ষেত্রে তিনটি গুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ—জ্ঞান বা প্রজ্ঞা, করুণা এবং সাহস। তাঁর মতে, কোনও নেতার মধ্যে এই গুণগুলি থাকলে তা জনসেবাকে আরও অর্থবহ করে তোলে।
পাশাপাশি, ভারত ও ভুটানের দীর্ঘদিনের ভালো সম্পর্কের কথাও উঠে আসে তোবগের বক্তব্যে। তিনি জানান, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরেই ২০১৪ সালে প্রথম বিদেশ সফরে ভুটানে এসেছিলেন। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দিল্লি-থিম্পুর সম্পর্ক আরও গাঢ় হয়েছে। ভারত-ভুটান সম্পর্ককে তিনি ‘B4B—Bharat for Bhutan; Bhutan for Bharat’ বলে ব্যক্ত করেছেন।