পাহাড়, মেঘ, জঙ্গল আর তারার দেশে
কুমাইয়ের অলিগলি আমার চেনা। তার বাঁক, তার পথ, তার লুকিয়ে থাকা সৌন্দর্য— সবই যেন আমার নিজের পাড়ার মতো পরিচিত। আর এই পাহাড়ি গ্রামে আমার ঠিকানা সেই প্রাক্তন সেনা অফিসার বিজয় থাপার গোর্খা হোমস্টে।
কুমাইয়ের সঙ্গে আমার প্রথম পরিচয় ২০১৬ সালে। তখন কুমাই পর্যটন মানচিত্রের বাইরে থাকা এক অজ পাহাড়ি গ্রাম। ভালো রাস্তা ছিল না, থাকার তেমন ব্যবস্থা ছিল না, নিয়মিত গাড়ির রুটও ছিল না। কালিম্পং জেলার গরুবাথান ব্লকের প্রায় নাম-গোত্রহীন এই গ্রামটির পরিচয় মূলত তার চা-বাগানের নাম থেকেই।
অথচ কুমাইয়ের ইতিহাস মোটেই নতুন নয়। গ্রামের বয়স কম করে দেড়শো বছর তো হবেই। রয়েছে প্রাচীন বৌদ্ধ স্তূপ, বহু পুরনো কুমাই চা-বাগান এবং সেই সময়ের স্মৃতি বহন করে দাঁড়িয়ে থাকা কাঠের বাড়ি।
চা-বাগানে কাজের জন্য নেপালের কুমাই সম্প্রদায়ের মানুষ একসময় এখানে এসেছিলেন। পাহাড়ের কোলে চা-বাগানকে ঘিরেই তাঁরা গড়ে তুলেছিলেন বসতি। আজও আমার চোখে দেখা প্রায় দেড়শো বছরের পুরনো কাঠের বাড়ি দাঁড়িয়ে আছে— নীরবে বহন করে চলেছে সেই ইতিহাস।
তখন পাহাড় আর সমতলের যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল খচ্চর। খচ্চরের পিঠে চেপেই চলত প্রয়োজনীয় জিনিসপত্র, মানুষের যাতায়াত। আজকের গাড়ির রাস্তা, হোমস্টে আর পর্যটনের ভিড়ের সঙ্গে সেই সময়ের কুমাইয়ের তুলনা করলে মনে হয়, যেন এক শতাব্দীরও বেশি পথ একসঙ্গে পেরিয়ে এসেছে এই ছোট্ট পাহাড়ি গ্রামটি।
২০১৬ সালে প্রথমবার বিজয় থাপার বাড়িতে দু’রাত ছিলাম। সেই সময় থেকেই বিজয়জির মোটরসাইকেলের পেছনে বসে কুমাইয়ের এদিক-ওদিক ঘুরে বেড়িয়েছি। ছোট্ট পাহাড়টাকে একটু একটু করে চিনেছি, অনুভব করেছি। তখনই মনে হয়েছিল—এই জায়গার মধ্যে লুকিয়ে আছে অসাধারণ পর্যটন সম্ভাবনা।
একদিকে প্রায় ৩,০০০ ফুট নীচে জলঢাকা, মূর্তি-সহ পাহাড়ি নদীগুলির আঁকাবাঁকা চলন। অন্যদিকে গভীর ন্যাওড়া জঙ্গলের রহস্যময় সবুজ। পাহাড়ের ঢালে চা-বাগান, মেঘের আনাগোনা, দূরের বন আর নিস্তব্ধতার মধ্যে পাখির ডাক— সব মিলিয়ে কুমাই যেন প্রকৃতির নিজের হাতে আঁকা একটি ছবি।