হাসপাতালে রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা, হল জটিল অস্ত্রোপচারও, খোঁজ নিলেন সুরকার? – Bengali News | Ar rahmans ex wife saira banu undergoes surgery
সুরকার এ আর রহমান ও সায়রা বানুর আচমকা বিচ্ছেদের ঘটনায় তোলপাড় শুরু হয়েছিল। এমনকী, রহমানের সঙ্গে তাঁর এক মহিলা সহকর্মীর নাম জুড়েও উঠেছিল পরকীয়ার অভিযোগ। তবে সে সব গুঞ্জন ইতি পড়েছে অনের আগেই। বিচ্ছেদের ক্ষত কিছুটা সারিয়ে রহমান ও সায়রা এখন ব্যস্ত নিজের জীবনে। ঠিক এরই মাঝে আচমকা অসুস্থ হলেন সায়রা। দ্রুত তাঁকে ভর্তি করা হল হাসপাতালেও। সূত্রের খবর, জটিল অস্ত্রোপচারও হয়েছে তাঁর। তা প্রাক্তন স্ত্রীর শারীরিক অবস্থার কথা জানেন রহমান? খোঁজ নিয়েছেন প্রাক্তন স্ত্রীয়ের?
রহমান-সায়রা সোশাল মিডিয়ায় তাঁর বিবাহবিচ্ছেদ ঘোষণা করার পর নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিল নানান গুঞ্জন, ভুয়ো খবর। তাই সায়রার অসুস্থতা নিয়ে যাতে কোনও ভুয়ো খবর না রটে, সেটা নিশ্চিত করতেই সায়রার আইনজীবী বন্দনা শাহ, এক বিবৃতি প্রকাশ করেছেন। সেই বিবৃতিতেই বন্দনা লিখেছেন, ”কিছুদিন আগেই অসুস্থ হয়েছেন সায়রা। জটিল অস্ত্রোপচারও হয়েছে তাঁর।” এই বিবৃতিতেই বন্দনা আরও লিখেছেন, এই কঠিন সময়ে সায়রার পাশে রহমান থাকায়, সায়রা, রহমানকে ধন্যবাদও জানিয়েছেন। এর থেকেই স্পষ্ট সায়রার সঙ্গে রহমানের সংসার ভাঙলেও, বন্ধুত্ব অটুট।